“২৪ ক্যারেটের সোনা যেমন সর্বোচ্চ মূল্য পায়, তেমনি বিএনপিতেও খাঁটি ও ত্যাগী নেতাকর্মীরাই তাদের কর্মের ভিত্তিতে মূল্যায়িত হবেন”— এমন মন্তব্য করেছেন মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী।
শনিবার (১৮ জুলাই) উপজেলার মোল্লাকান্দি গ্রামে বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাদিরের নিজ বাড়িতে আয়োজিত এক মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রমিজ উদ্দিন লন্ডনী বলেন, “আমরা টাকার জন্য রাজনীতি করি না। আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এক নম্বর সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে রাজনীতি করা।”
তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণার সময় ঘনিয়ে এসেছে। প্রতিটি ওয়ার্ডে গিয়ে নেতাকর্মীদের সঙ্গে কথা বলে ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়নের ভিত্তিতে চেয়ারম্যান ও সদস্য (মেম্বার) প্রার্থী বাছাই করা হবে।
তিনি আরও বলেন, “ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্দেশনা অনুযায়ী আমি এবং আমাদের টিম যাচাই-বাছাই করে একটি তালিকা প্রস্তুত করে তাঁর কাছে উপস্থাপন করব।”দলে নতুন আগ্রহীদের প্রসঙ্গে রমিজ উদ্দিন লন্ডনী বলেন, “এখন দলে বসন্তকাল চলছে। তাই অনেক কোকিল আসবে, নানা ধরনের কথা বলবে—এটাই স্বাভাবিক। তবে মূল্যায়ন হবে ত্যাগ ও অবদানের ভিত্তিতে। ত্যাগীরাই দলে থাকবে এবং তারাই যথাযথ সম্মান পাবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, বিএনপি নেতা আব্দুল কাদির, অহিদুল ইসলাম, নুর মোহাম্মদ, শাহ আলম, সাফিজুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।