সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই) শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকির হোসেন টিটুর সভাপতিত্বে ত্রি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা, সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬ সাতক্ষীরা-২ আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ মো. আব্দুর রউফ।
ত্রি-বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ আব্দুস সোবহান খোকন, সহ-সভাপতি খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল কুমার সাধু প্রমুখ।
ত্রি-বার্ষিক সাধারণ সভায় আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান।
ত্রি-বার্ষিক সাধারণ সভার আলোচ্যসূচির মধ্যে ছিল নির্বাচন প্রসঙ্গ, আয়-ব্যয়ের হিসাব ও বিবিধ বিষয়। সভায় আলোচনা চলাকালে একপর্যায়ে শ্রমিকদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির কারণে হট্টগোল শুরু হয়। এ সময় ত্রি-বার্ষিক সাধারণ সভা মুলতবি ঘোষণা করা হয়।
সেই সঙ্গে অতি দ্রুত পাঁচ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে শ্রমিক সংগঠনের কার্ড যাচাই-বাছাই শেষে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানানো হয়।
এ সময় সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সদস্য, মোটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবু।