অতিরিক্ত বিদ্যুৎ বিল বিষয়ে পাঁচবিবি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের বক্তব্য

মো. আজাদ আলী:

চলতি মাসে সারাদেশের মতো জয়পুরহাটের পাঁচবিবি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের আওতাধীন গ্রাহকদের জুন মাসের বিদ্যুৎ বিল আগের তুলনায় বেশি আসায় বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এ বিষয়ে পাঁচবিবি পল্লী বিদ্যুৎ সমিতি জোনাল অফিসের ডিজিএম মো. তরিকুল ইসলাম গ্রাহকদের উদ্দেশে বিল বৃদ্ধির কারণ ব্যাখ্যা করেছেন।

তিনি বলেন, সারাদেশে সরকার কর্তৃক বিদ্যুতের নতুন ট্যারিফ বা বিদ্যুৎ বিলের মূল্যহার নির্ধারণ করা হয়েছে, যা জুন ২০২৬ মাস থেকে কার্যকর হয়েছে। ফলে চলতি মাসের বিদ্যুৎ বিল নতুন মূল্যহার অনুযায়ী নির্ধারণ করায় অনেক গ্রাহকের বিল আগের তুলনায় বেশি এসেছে।

পল্লী বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত স্ল্যাবভিত্তিক বিদ্যুতের ইউনিট মূল্য অনুযায়ী লাইফলাইন গ্রাহক (০–৫০ ইউনিট) প্রতি ইউনিট ৪ টাকা ৭৫ পয়সা এবং প্রথম ধাপের (০–৭৫ ইউনিট) প্রতি ইউনিট ৫ টাকা ২৬ পয়সা মূল্য অপরিবর্তিত রয়েছে।

তবে দ্বিতীয় ধাপের (৭৬–২০০ ইউনিট) বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৭ টাকা ২০ পয়সার পরিবর্তে ৮ টাকা ৫০ পয়সা, তৃতীয় ধাপে (২০১–৩০০ ইউনিট) ৭ টাকা ৫৯ পয়সার পরিবর্তে ৯ টাকা ২০ পয়সা, চতুর্থ ধাপে (৩০১–৪০০ ইউনিট) ৮ টাকা ২ পয়সার পরিবর্তে ৯ টাকা ৬২ পয়সা, পঞ্চম ধাপে (৪০১–৬০০ ইউনিট) ১২ টাকা ৬৭ পয়সার পরিবর্তে ১৫ টাকা ১ পয়সা এবং ষষ্ঠ ধাপে (৬০০ ইউনিটের বেশি) প্রতি ইউনিট ১৪ টাকা ৬১ পয়সার পরিবর্তে ১৭ টাকা ৩৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

ডিজিএম মো. তরিকুল ইসলাম আরও বলেন, গত মাসে তীব্র তাপপ্রবাহ এবং তুলনামূলকভাবে লোডশেডিং কম থাকায় অধিকাংশ গ্রাহকের বিদ্যুৎ ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফলে বিদ্যুতের ব্যবহার বৃদ্ধির প্রভাবও চলতি মাসের বিলে প্রতিফলিত হয়েছে।

পল্লী বিদ্যুৎ বিভাগ আরও জানায়, বিদ্যুৎ বিলে অন্তর্ভুক্ত ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক নির্ধারিত চার্জ। এসব অর্থ সরকারি কোষাগারে জমা হয়। বাংলাদেশ সরকারের নির্ধারিত নীতিমালার আলোকে পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ বিতরণ সেবা দিয়ে থাকে। মূলত পল্লী বিদ্যুৎ সমিতি একটি বিতরণকারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করে।

এদিকে হঠাৎ করে বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ায় অনেক গ্রাহকের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা দূর করতে প্রকৃত বিদ্যুৎ ব্যবহার ও সরকার নির্ধারিত নতুন ট্যারিফ সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে পল্লী বিদ্যুৎ বিভাগ।

গ্রাহকদের উদ্দেশে ডিজিএম মো. তরিকুল ইসলাম বলেন, বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ ও নতুন ট্যারিফ সম্পর্কে সচেতন থেকে নিয়মিত বিল পরিশোধ করতে হবে। কোনো গ্রাহকের বিদ্যুৎ বিল নিয়ে জটিলতা বা কোনো ধরনের সমস্যা দেখা দিলে সুনির্দিষ্ট তথ্যসহ সরাসরি পাঁচবিবি জোনাল অফিসে এসে যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ জানান।

তিনি আরও বলেন, গ্রাহকদের অভিযোগ ও সমস্যাগুলো যাচাই করে নিয়ম অনুযায়ী সমাধানের ব্যবস্থা করা হবে। বিদ্যুৎ বিল নিয়ে অযথা বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করে সঠিক তথ্য জানার জন্যও গ্রাহকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।