গাইবান্ধা শহরের সরকারপাড়া এলাকায় চলাচলের রাস্তা সংস্কারকে কেন্দ্র করে এক বৃদ্ধকে লাঞ্ছিত এবং এক নারীকে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
বুধবার (২৯ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে গাইবান্ধার অবিরাম পত্রিকা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মো. হায়দার আলী (৯৫) ও তাঁর পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোছা. জেরিন আক্তার রুপি অভিযোগ করেন, সরকারপাড়া এলাকার ভাগি-শরিকদের ব্যবহৃত চলাচলের রাস্তায় বর্ষার কারণে কাদা জমে যাওয়ায় এলাকাবাসী মিলে রাবিশ ফেলে রাস্তা ভরাটের কাজ করছিলেন। এ সময় প্রতিবেশী মোকছেদুল ইসলাম, জাহিদুল ইসলাম আজাদ, জান্নাতুল ফেরদৌস জান্নাতি ও মিনা বেগমসহ কয়েকজন এতে বাধা দেন।
অভিযোগে বলা হয়, ২৮ জুলাই দুপুরে রাবিশ ফেলার কারণ জানতে চাইলে ৯৫ বছর বয়সী মো. হায়দার আলীকে গালিগালাজ ও ধাক্কাধাক্কি করা হয়। একপর্যায়ে তাঁর পরনের লুঙ্গি খুলে যায়, যা বৃদ্ধকে প্রকাশ্যে অপমান করার শামিল বলে দাবি করেছে পরিবার।
এছাড়া একই দিন বিকেলে পুনরায় রাবিশ ফেলতে গেলে জেরিন আক্তার রুপিকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়। এতে তিনি আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসা শেষে পরিবারের সঙ্গে আলোচনা করে তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, অভিযুক্তরা তাঁদের পরিবারের সদস্যদের প্রাণনাশ, মারধর এবং চলাচলে বাধা দেওয়ার হুমকি দিয়েছেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।