ঝালকাঠি সদর উপজেলার প্রখ্যাত পর্যটনকেন্দ্র ৫ নম্বর কীর্ত্তিপাশা ইউনিয়নের ভিমরুলী পেয়ারা বাগান ও বিশ্বখ্যাত ভাসমান পেয়ারা বাজারে ডিজে সিস্টেম, লাউডস্পিকার ও উচ্চ শব্দের সাউন্ড সিস্টেম ব্যবহার বন্ধে প্রশাসনের নির্দেশনা কার্যকর করতে আকস্মিক পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন।
আজ বুধবার (২৯ জুলাই) সকালে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ স্বয়ং এই পরিদর্শনে অংশ নেন। সম্প্রতি কিছু পর্যটকের অতিরিক্ত শব্দে গান বাজানো ও লাউডস্পিকার ব্যবহারের কারণে স্থানীয় পরিবেশ, জীববৈচিত্র্য এবং সাধারণ পর্যটকদের স্বাচ্ছন্দ্য বিঘ্নিত হওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়।
পরিদর্শনকালে ইউএনওর সঙ্গে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, ঝালকাঠির সহকারী পরিচালক এবং ৫ নম্বর কীর্ত্তিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
এ সময় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভিমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা এবং শান্ত পরিবেশ বজায় রাখতে নৌকা ও ট্রলারে উচ্চস্বরে সাউন্ড সিস্টেম বা ডিজে বাজানো থেকে বিরত থাকার জন্য পর্যটক ও ট্রলারচালকদের প্রতি কঠোর নির্দেশনা দেন। নির্দেশনা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
স্থানীয় এলাকাবাসী ও সচেতন পর্যটকরা প্রশাসনের এ সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এ পদক্ষেপের ফলে ভিমরুলীর ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজারের শান্ত ও মনোরম পরিবেশ অক্ষুণ্ন থাকবে।