আসন্ন কাইচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদকবিরোধী সচেতনতা ও উন্নয়নমূলক নানা পরিকল্পনা নিয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোক্তার হোসেন কবির।
মতবিনিময় সভায় তিনি বলেন, মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। বিশেষ করে তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি জানান, কাইচাইল ইউনিয়নকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
মোঃ মোক্তার হোসেন কবির বলেন, “আমি যদি জনগণের ভোটে কাইচাইল ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তাহলে এই ইউনিয়নকে একটি মাদকমুক্ত, আধুনিক ও উন্নত ইউনিয়নে পরিণত করব। মাদকের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। যুব সমাজকে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে একটি সুস্থ সমাজ গড়ে তোলাই হবে আমার অঙ্গীকার।”
তিনি আরও বলেন, কেবল মাদকমুক্ত সমাজ গঠনই নয়, কাইচাইল ইউনিয়নের সার্বিক উন্নয়নেও কাজ করবেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে স্কুল, কলেজ ও মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি যুব সমাজের বিকাশে খেলার মাঠ উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, কবরস্থান ও ঈদগাহ সংস্কার, গ্রামীণ সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমানভাবে উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।
এ সময় উপস্থিত এলাকাবাসী মাদকবিরোধী উদ্যোগকে স্বাগত জানান এবং ইউনিয়নের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে জনপ্রতিনিধি, প্রশাসন এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, যুব সমাজ এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভায় কাইচাইল ইউনিয়নের উন্নয়ন, আইনশৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা নিয়ে বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।