ত্রিশালে মাদক সেবনের দায়ে দুই যুবকের এক মাস করে কারাদণ্ড
নিজস্ব সংবাদ দাতা
/ ১০
বার দেখা হয়েছে
প্রকাশের সময় :
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
শেয়ার
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে মাদক সেবনের দায়ে দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় ত্রিশাল উপজেলা পরিষদের পাশে সুতিয়া নদীর বাঁধ এলাকায় পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ত্রিশাল উপজেলার রায়মনি গ্রামের আমর আলীর ছেলে মো. সিমবাদ (২৮) এবং একই গ্রামের আরফান ফকিরের ছেলে শারফুল (৩০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সুতিয়া নদীর বাঁধ এলাকায় ইয়াবা সেবন করে জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে ওই দুই যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। এ সময় সুতিয়া নদীর বাঁধ এলাকায় সন্ধ্যার পর সন্দেহজনকভাবে অবস্থানরত কয়েকজন যুবককে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় ত্রিশাল থানা পুলিশ এবং উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।