স্টাফ রিপোর্টার:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী টিম পৃথক অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল, ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
আরএমপি সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট ২০২৬ রাত সাড়ে ১১টার দিকে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) বাইরে চৌকস সদস্যদের সমন্বয়ে গঠিত বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বোয়ালিয়া থানার বখতিয়ারবাদ গ্রামের মৃত রমজান আলীর ছেলে মো. আশিক (৩৭)-কে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৪৫৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৪ হাজার ৯৮০ টাকা জব্দ করা হয়।
একই রাতে আনুমানিক রাত ১২টার দিকে বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে। এ সময় চণ্ডীপুর গ্রামের মো. আব্দুস সালামের ছেলে, বর্তমানে আইডি বাগানপাড়ার বাসিন্দা মো. মারুফ হোসেন (২৪)-কে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ ২ হাজার ৪৯০ টাকা জব্দ করা হয়।
আরএমপি জানায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মাদক নির্মূলে রাজশাহী মহানগর এলাকায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।