• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
  • [gtranslate]

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘিরে ৬ কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট / ১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার পর নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করতে ছয়টি কমিটি গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের সরকার গঠন ও রাষ্ট্রাচার শাখা থেকে রোববার (৯ আগস্ট) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। রাষ্ট্রপতি নির্বাচনের পর প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে নির্ধারিত দিন, তারিখ, সময় ও স্থানে শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হবে।
শপথ অনুষ্ঠানকে ঘিরে গঠিত কমিটিগুলোর মধ্যে রয়েছে—সমন্বয় কমিটি, ডকুমেন্টেশন ও রেকর্ড সংরক্ষণ কমিটি, অতিথি তালিকা প্রণয়ন ও আমন্ত্রণপত্র মুদ্রণ কমিটি, আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটি, আসন ব্যবস্থাপনা কমিটি এবং অভ্যর্থনা কমিটি।
সমন্বয় কমিটির আহ্বায়ক করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব ফারাহ শাম্মীকে। এ কমিটির দায়িত্ব হলো বিভিন্ন উপকমিটির কার্যক্রম সমন্বয় করা এবং শপথ অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতির বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে অবহিত করা।
ডকুমেন্টেশন ও রেকর্ড সংরক্ষণ কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রশাসন ও বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শামীম সোহেলকে। এ কমিটি রাষ্ট্রপতির শপথ গ্রহণের ফোল্ডার, স্পিকারের শপথ পাঠ করানোর ফোল্ডার এবং মন্ত্রিপরিষদ সচিবের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনার ধারাক্রম প্রস্তুত করবে। পাশাপাশি প্রয়োজনীয় নথি তৈরি ও সংরক্ষণ করবে।
অতিথি তালিকা প্রণয়ন ও আমন্ত্রণপত্র মুদ্রণ কমিটির আহ্বায়কও করা হয়েছে মোহাম্মদ শামীম সোহেলকে। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমন্ত্রিত অতিথিদের তালিকা তৈরি, আমন্ত্রণপত্র মুদ্রণ এবং নির্ধারিত সময়ের মধ্যে তা বিতরণ কমিটির কাছে হস্তান্তর করবে এ কমিটি।
আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটির আহ্বায়ক করা হয়েছে সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানকে। এ কমিটি অতিথিদের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া, প্রাপ্তি নিশ্চিত করা, সার্ভিস রিটার্ন সংরক্ষণ এবং ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতি নিশ্চিত করার কাজ করবে।
আসন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক করা হয়েছে কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ হুমায়ুন কবিরকে। রাষ্ট্রপতির কার্যালয় ও সংশ্লিষ্ট কমিটির সঙ্গে সমন্বয় করে বঙ্গভবনে অতিথিদের আসন বিন্যাস চূড়ান্ত করা এবং অনুষ্ঠানের দিন অতিথিদের নির্ধারিত আসনে বসার ব্যবস্থা করবে এ কমিটি।
অন্যদিকে, অভ্যর্থনা কমিটির আহ্বায়ক করা হয়েছে আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমকে। উপস্থিতি নিশ্চিত করা অতিথিদের তালিকা সংগ্রহ করে তাঁদের অভ্যর্থনা জানানো এবং নির্ধারিত আসনে বসতে সহায়তা করবে এ কমিটি।
অফিস আদেশে বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী সব কমিটি কর্মকর্তা-কর্মচারীকে কো-অপ্ট করতে পারবে। পত্র পাওয়ার পর দ্রুত সভা করে কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে কমিটিগুলোকে। উপকমিটির আহ্বায়কদের তাঁদের কার্যক্রম নিয়মিতভাবে সচিব, সমন্বয় ও সংস্কারকে অবহিত করে প্রয়োজনীয় নির্দেশনা নিতে বলা হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার মাত্র তিন দিনের মধ্যে শপথ অনুষ্ঠান আয়োজনের জন্য এসব কমিটি গঠন করায় নির্বাচনের পরপরই শপথগ্রহণের আনুষ্ঠানিক প্রস্তুতি এগিয়ে নেওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে অফিস আদেশে শপথগ্রহণের নির্দিষ্ট তারিখ, সময় ও স্থান উল্লেখ করা হয়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন