• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ

তুচ্ছ ঘটনার জেরে কেড়ে নিল একটি প্রাণ

নিজস্ব সংবাদ দাতা / ১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

মো. জুয়েল কাজী:

ভাঙ্গা উপজেলার কৈডুবি সদরদী গ্রামে সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি প্রাণ হারিয়েছে এক তরুণ।

কৈশোর পেরিয়েছে কি না—হয়তো সবে তারুণ্যের দুয়ারে পা রেখেছিল। লিকলিকে শরীর। দুনিয়ার স্বাদ-গন্ধ, জীবনকে দেখার, বোঝার, উপভোগ করার—কত কিছুই তো বাকি ছিল তার!

জরুরি বিভাগে যখন তাকে আনা হলো, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। নিথর পড়ে থাকা সেই তরুণকে দেখে বারবার মনে হচ্ছিল—মানুষ কি সত্যিই এতটা নিষ্ঠুর হতে পারে?

যে মানুষগুলো রাত পোহালেই একে অন্যের দেখা পায়, সুখে-দুঃখে পাশে দাঁড়ায়, বিপদে এগিয়ে আসে—সামান্য মতবিরোধ হলেই তারাই কীভাবে একে অপরের জীবন কেড়ে নিতে পারে?

একটি তুচ্ছ ঘটনা। কয়েক মুহূর্তের উত্তেজনা। অথচ তার মূল্য দিতে হলো একটি তরতাজা প্রাণকে।

একজন তরুণের এভাবে চলে যাওয়া তাঁর বাবা-মা কীভাবে মেনে নেবেন? যে সন্তানকে ঘিরে ছিল কত স্বপ্ন, কত আশা—সেই সন্তান আজ নিথর! একটি পরিবারে নেমে এসেছে আজীবনের শোক।

একটি প্রাণ চলে গেল, একটি পরিবার ভেঙে গেল—কিন্তু কি আমরা থামব?

সত্যিকার অর্থে বিচারহীনতার সংস্কৃতি, প্রভাবশালীদের হস্তক্ষেপ এবং অপরাধকে সামাজিকভাবে ‘মিটিয়ে ফেলার’ প্রবণতার কারণেই হয়তো এমন হত্যাকাণ্ড বারবার ঘটছে।

হয়তো দু-চার দিন পর কোনো জনদরদী নেতা, মাতব্বর, সালিশকারী কিংবা কথিত সাংবাদিক এসে বলবেন—

“যা হওয়ার তা হয়েই গেছে। আসেন, মিটমাট করে দিই। বিচার তো পাবেন না, অযথা দৌড়াদৌড়ি করে লাভ কী?”

কিন্তু প্রশ্ন হলো—একটি প্রাণের কি সত্যিই কোনো মূল্য নেই?

মীমাংসার নামে অপরাধ চাপা পড়ে গেলে অপরাধী আরও সাহসী হয়। আর একটি হত্যাকাণ্ডের বিচার না হলে পরবর্তী হত্যাকাণ্ডের পথও যেন আরও সহজ হয়ে যায়।

আমরা চাই, এই মৃত্যুর সুষ্ঠু তদন্ত হোক। প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

সামান্য মতবিরোধ যেন আর কোনো মায়ের বুক খালি না করে। কোনো বাবাকে যেন সন্তানের লাশ কাঁধে নিতে না হয়।

আল্লাহ নিহত তরুণকে ক্ষমা করুন, তাঁর পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দিন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন