• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
  • [gtranslate]

ভাঙ্গায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদ দাতা / ৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

. জুয়েল কাজী, ফরিদপুর :
ফরিদপুরের ভাঙ্গায় কৃষিজমি রক্ষা, নদীভাঙন প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে অনুমোদন ছাড়াই ড্রেজার দিয়ে বালু উত্তোলন, জলাশয় ভরাট ও ফসলি জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দিনব্যাপী উপজেলার আলগী ও তুজারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসানের নির্দেশনা ও তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম।
অভিযানকালে অনুমোদন ছাড়াই ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলন এবং জলাশয় ভরাটের প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে ফসলি জমির শ্রেণি পরিবর্তনের চেষ্টার অভিযোগও উঠে আসে। বালু উত্তোলন ও পরিবহনে ব্যবহৃত যন্ত্রপাতির বৈধ কাগজপত্র দেখাতে না পারা এবং ভ্রাম্যমাণ আদালতকে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার বিষয়টিও অভিযানে ধরা পড়ে।
এ ঘটনায় পটুয়াখালীর কলাপাড়া থানার পাখিমারা গ্রামের হারুন হাওলাদারের ছেলে মো. মিরাজ হাওলাদার নিজের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার বিষয়ে মিরাজ হাওলাদারের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।
অভিযান চলাকালে কয়েকটি ঝুঁকিপূর্ণ এলাকায় ড্রেজার পরিচালনাকারীদের পাওয়া যায়নি। তবে এসব এলাকায় স্থানীয় বাসিন্দাদের অবৈধভাবে বালু উত্তোলনের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি কোথাও অবৈধভাবে ড্রেজার বসানো বা বালু উত্তোলন করা হলে দ্রুত উপজেলা প্রশাসনকে জানানোর জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
প্রশাসনের কর্মকর্তারা বলছেন, অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলনের ফলে একদিকে যেমন কৃষিজমি নষ্ট হচ্ছে, অন্যদিকে নদীভাঙন ও পরিবেশগত ঝুঁকি বাড়ছে। তাই কৃষিজমি ও প্রাকৃতিক জলাশয় রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।
অভিযানে ভাঙ্গা থানা পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তা ও প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে।
সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় নদীভাঙন রোধ, কৃষিজমি ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ও নজরদারি নিয়মিত অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন