ফরিদপুরের নগরকান্দায় অনুমোদন ছাড়াই ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় একটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা বিলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল হাসান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি অনুমোদন ছাড়াই শশা বিলে ড্রেজার মেশিন বসিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর শুক্রবার বিকেলে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিষয়টি প্রত্যক্ষ করেন ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা। পরে ঘটনাস্থল থেকে একটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে।
নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল হাসান বলেন, সরকারি অনুমোদন ছাড়া ড্রেজার দিয়ে বালু উত্তোলন পরিবেশ ও জনস্বার্থের জন্য মারাত্মক ক্ষতিকর। পরিবেশ ও সরকারি সম্পত্তি রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর।
তিনি আরও বলেন, নিয়ম অমান্য করে যারা এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত থাকবে, তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।