শিল্পের প্রসার, ব্যবসায়ীদের দক্ষতা উন্নয়ন এবং আজীবন সদস্য সংগ্রহের লক্ষ্যে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাটের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, উদ্যোক্তা ও আইবিডব্লিউএফের নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানে ব্যবসা-বাণিজ্যের প্রসার, উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, নতুন উদ্যোক্তা তৈরি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইবিডব্লিউএফ জয়পুরহাট জেলা শাখার সভাপতি ও বিশিষ্ট গ্রুপ ব্যবসায়ী মুহাঃ হাসিবুল আলম লিটন। তিনি অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন এবং ব্যবসায়ীদের সংগঠিত হয়ে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইবিডব্লিউএফ জয়পুরহাট জেলা শাখার উপদেষ্টা, বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার আমির ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য জননেতা মো. ফজলুর রহমান সাইদ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আইবিডব্লিউএফের কেন্দ্রীয় সভাপতি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্প উদ্যোক্তা মুহম্মদ শহিদুল ইসলাম। তিনি ব্যবসায়ীদের বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা, ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং শিল্প ও বাণিজ্যের নতুন সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মো. হুমায়ুন কবির পাটোয়ারী। এছাড়া জোন পরিচালক ও বিশিষ্ট শিল্প উদ্যোক্তা মো. সেলিম রেজাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইবিডব্লিউএফ জয়পুরহাট জেলা শাখার সহ-সভাপতি ও জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ইঞ্জিনিয়ার মো. আব্দুল বাতেন, ব্যবসায়ী রবিউল ইসলাম ও মহিলা উদ্যোক্তা আফরোজা খানম।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্প ও ব্যবসার প্রসার ঘটাতে হলে উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, সঠিক পরিকল্পনা এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আরও সংগঠিত করে তাদের ব্যবসার পরিধি সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, ব্যবসায়ীদের কল্যাণ ও দেশের শিল্প-বাণিজ্যের উন্নয়নে আইবিডব্লিউএফ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত করতে নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং আজীবন সদস্য সংগ্রহ কার্যক্রম জোরদার করা প্রয়োজন। এ ক্ষেত্রে জয়পুরহাটের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সক্রিয়ভাবে সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে ব্যবসায়ীদের জন্য বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হয়। ব্যবসা পরিচালনার কৌশল, উদ্যোক্তা হিসেবে দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসার উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইবিডব্লিউএফ জয়পুরহাট জেলা শাখার সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা। সমাবেশে জেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ী ও উদ্যোক্তারা অংশ নেন।