আল মামুন :
কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজারে লাইসেন্স না থাকা ও নবায়ন না করাসহ প্রেসক্রিপশন ছাড়া পশুর অ্যান্টিবায়োটিক বিক্রির অভিযোগে দুই ভেটেরিনারি ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. রিফাত সুলতানার প্রসিকিউশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলিন রাজ্জাক। এ সময় মেঘনা থানার এসআই রিয়াদসহ পুলিশের একটি দল সহযোগিতা করে।
অভিযানে দেখা যায়, মানিকারচর বাজারের মেঘনা ভেটেরিনারি ফার্মেসির মালিক মো. ইসমাইলের কোনো লাইসেন্স নেই। আর জনতা ফার্মেসির মালিক মো. রাকিবুল হাসানের লাইসেন্স সাত বছর ধরে নবায়ন করা হয়নি। এ ছাড়া প্রেসক্রিপশন ছাড়াই পশুর অ্যান্টিবায়োটিক বিক্রি করছিলেন তাঁরা।
পরে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন, ২০১৯-এর ৩৭ ধারায় দুই ফার্মেসির মালিককে পৃথকভাবে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলিন রাজ্জাক বলেন, পশুর চিকিৎসা ও ওষুধ বিক্রির ক্ষেত্রে আইন ও বিধিবিধান না মানায় জরিমানা করা হয়েছে। একই সঙ্গে লাইসেন্স সংরক্ষণ ও সময়মতো নবায়ন এবং প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ বিক্রির বিষয়ে তাঁদের সতর্ক করা হয়েছে।
তিনি বলেন, প্রাণিসম্পদের সুরক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।