আল মামুন :
কুমিল্লার মেঘনা উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও ১০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২১ সেপ্টেম্বর রাতে ও বিকেলে উপজেলার রাধানগর ও সেননগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাধানগর ইউনিয়নের নালিতাপাড়া গ্রামের স্বপন মিয়ার ছেলে রনি মিয়া (৩২) এবং গোবিন্দপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামের মোশারফ সরকারের ছেলে সোহাগ রানা (২৮)।
মেঘনা থানা-পুলিশের আদালতে দেওয়া পৃথক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২১ সেপ্টেম্বর মাদক উদ্ধার অভিযানে থাকাকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাধানগর ইউনিয়নের নালিতাপাড়া গ্রামের আনিছুর রহমানের বাড়ির পেছনে কাঁচা রাস্তায় একজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে পুলিশ সেখানে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় রনি মিয়াকে আটক করে। তাঁর দেখানো মতে একটি সাদা পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
অন্যদিকে একই দিন রাতে সেননগর বাজারের আলমগীর ভ্যারাইটিজ স্টোরের সামনে পাকা সড়কে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সোহাগ রানাকে আটক করা হয়। পরে তাঁর পরিহিত কালো শার্টের বুক পকেট থেকে নীল পলিথিনে মোড়ানো ১০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ ইয়াবার ওজন এক গ্রাম বলে আদালতে দেওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পুলিশের ভাষ্য, রনি মিয়া ও সোহাগ রানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ করেছেন। তাঁদের বিরুদ্ধে মেঘনা থানায় পৃথক মামলা হয়েছে। রনি মিয়ার বিরুদ্ধে এর আগে ২০১৬ সালের একটি মামলার তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। অপরদিকে সোহাগ রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৫, ২০২৫ ও ২০২৬ সালে দায়ের করা একাধিক মামলার তথ্য আদালতে দেওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, সোহাগ রানার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে সিডিএমএস ও থানার রেকর্ডপত্র যাচাই করা হয়েছে। তাঁর সহযোগী অন্যান্য মাদক কারবারিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার দুজনকেই ২২ সেপ্টেম্বর কুমিল্লার আমলী আদালত-৫-এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।