মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, দুর্যোগ মোকাবিলার মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ শাহে আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফখরুদ্দীন রাজী, উপজেলা প্রকৌশলী, সমাজসেবা কর্মকর্তা, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক লিপি মেম্বারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা।
এ বছরের প্রতিপাদ্য ছিল—‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’। কর্মসূচিতে দুর্যোগের ঝুঁকি কমানো, আগাম প্রস্তুতি গ্রহণ এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলোচনা সভায় দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, পারিবারিক পর্যায়ে প্রস্তুতি গ্রহণ এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।এছাড়া র্যালির নেতৃত্ব ও অগ্নিনির্বাপক মহড়ার শিখানো হয়।