ঢাকা   ১১:২১:৫১ পিএম, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

গাজীপুরে মার্কেটে আগুনের হুমকি দিয়ে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

Reporter Name
  • Update Time : Tuesday, October 13, 2026,
  • 5 Time View

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের চান্দনা চৌরাস্তার হাজী আব্দুর রহিম পাইকারি মার্কেটে আগুন দেওয়া ও খুন-জখমের হুমকি দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে জুয়েল আহমেদ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারের পর তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পিবিআইয়ের দাবি, জুয়া খেলে ঋণগ্রস্ত হয়ে তিনি চাঁদা দাবি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর বিকেলে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তার হাজী আব্দুর রহিম পাইকারি মার্কেটের সাংগঠনিক সম্পাদক মো. লিটন হোসেনের মোবাইল ফোনে কল করে এক লাখ টাকা চাঁদা দাবি করেন এক ব্যক্তি। টাকা না দিলে মার্কেটে আগুন দেওয়া এবং খুন-জখমের হুমকি দেন তিনি। এ সময় ২০২২ সালের ২৫ ডিসেম্বর মার্কেটটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাও স্মরণ করিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় মার্কেট পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মিলটন হোসেন বাদী হয়ে বাসন থানায় মামলা করেন। ৬ অক্টোবর দায়ের করা মামলাটিতে দণ্ডবিধির ৩৮৫, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

পিবিআই জানায়, গত ১২ অক্টোবর মামলাটি স্ব-উদ্যোগে গ্রহণ করে তদন্ত শুরু করে সংস্থাটি। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাসন থানার দিঘীরচালা এলাকা থেকে জুয়েল আহমেদকে গ্রেপ্তার করা হয়। মামলাটি তদন্ত করছেন পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা।

তদন্ত ও আসামির জবানবন্দির বরাত দিয়ে পিবিআই জানায়, জামালপুরের দেওয়ানগঞ্জের বাসিন্দা জুয়েল প্রায় পাঁচ বছর ধরে একটি পোশাক কারখানায় চাকরি করছিলেন। জুয়ায় আসক্ত হয়ে বিভিন্ন ব্যক্তির কাছে প্রায় তিন লাখ টাকা ঋণগ্রস্ত হন তিনি। ঋণের চাপ সামলাতে না পেরে মার্কেটের সামনে থাকা সাইনবোর্ড থেকে ফোন নম্বর সংগ্রহ করে চাঁদা দাবি করেন বলে তদন্তে জানা গেছে।

পিবিআইয়ের তথ্য অনুযায়ী, হুমকির মুখে বাদী ৮ অক্টোবর বিকাশের মাধ্যমে তিন হাজার টাকা এবং ১০ অক্টোবর আরও দুই হাজার টাকা দেন। এরপর ১২ অক্টোবর আরও ৫০ হাজার টাকা দেওয়ার কথা ছিল। তবে এর আগেই জুয়েলকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পিবিআই। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি