ঢাকা   ১১:৫০:১৫ এএম, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

Reporter Name
  • Update Time : Thursday, October 15, 2026,
  • 7 Time View

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর প্রস্তুতি চলছে। এরই মধ্যে প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি পরীক্ষা সফলভাবে শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব তথ্য জানানো হয়।

বৈঠকে জানানো হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে নভেম্বরে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্যে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি দ্বিতীয় ইউনিটে জ্বালানি লোডিং ও রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া আগামী বছরের জুনের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটমের সঙ্গে ইতিবাচক আলোচনার পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পটি থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু করা যাবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।

প্রকল্পটির প্রযুক্তিগত সক্ষমতা ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানানো হয়, রূপপুর তৃতীয় প্রজন্মের আধুনিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড মেনে বিশেষজ্ঞদের নিবিড় তত্ত্বাবধানে নির্মাণ ও পরীক্ষামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞদের মূল্যায়নেও প্রকল্পের অগ্রগতি সন্তোষজনক বলে উল্লেখ করা হয়।

এদিকে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি দেশের স্বাস্থ্যসেবায় পারমাণবিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে জেলা পর্যায়ে নিউক্লিয়ার মেডিসিন সেবা সম্প্রসারণের কার্যক্রম চলছে। একই সঙ্গে দেশের প্রথম গবেষণা জাহাজ নির্মাণের কাজও এগিয়ে যাচ্ছে।

বৈঠকে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে স্কুল ও কলেজ পর্যায়ে বড় পরিসরে বিজ্ঞান মেলা আয়োজনের সুপারিশ করা হয়। এ ছাড়া দেশীয় উদ্ভাবন বাণিজ্যিকভাবে কাজে লাগিয়ে রপ্তানি সম্প্রসারণ ও বৈদেশিক মুদ্রা আয় বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম ছাড়াও কমিটির সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, মো. আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ ফাহিম চৌধুরী, কে এম বাবর, সানসিলা জেবরিন, সালাহ উদ্দিন, মারদিয়া মমতাজ ও মো. আব্দুল গফুর অংশ নেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা।

এর আগে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে বৈঠকের কার্যক্রম শুরু হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পর্ব শেষে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি