https://bindubanglatv.com/
বিপ্লব সিকদার :
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে এক যুবকের ‘একটি মাত্র স্নাইপার দরকার ছিল’ মন্তব্যের প্রসঙ্গ টেনে বিরোধী দলের নেতাদের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
শুক্রবার গভীর রাতে নিজের ফেসবুক পোস্টে রাশেদ খান অভিযোগ করেন, বিরোধী দলের নেতাদের উচ্ছৃঙ্খল বক্তব্য ও আগ্রাসী আচরণ পতিত অপশক্তিকে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টায় সাহস জোগাচ্ছে।
পোস্টে তিনি দাবি করেন, বিরোধী দলের নেতারা আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলের অপকর্ম ও বিচার নিয়ে আলোচনা না করে বর্তমান সরকারের আট মাসের সময়কালকে ওই ১৬ বছরের সঙ্গে তুলনা করছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারকে মিথ্যাচার ও অপবাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
রাশেদ খান আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে গুম, মামলা ও নির্বাসিত জীবনের শিকার নেতাদের পাশাপাশি ওই সময়ে রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা না রাখা ব্যক্তিরাও এখন আন্দোলন-সংগ্রামের কৃতিত্ব দাবি করছেন। তাঁর ভাষ্য, দীর্ঘ আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের ত্যাগের তুলনায় তাঁদের ভূমিকা সীমিত ছিল।
জুলাই বিপ্লবের ইতিহাস তুলে ধরার ক্ষেত্রেও বিরোধী দলের নেতাদের সমালোচনা করেন তিনি। এ প্রসঙ্গে অধ্যাপক জাফর ইকবালের কাছ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানার সঙ্গে বিরোধী দলের নবীন সংসদ সদস্যদের কাছ থেকে জুলাই বিপ্লবের ইতিহাস জানার তুলনা টানেন রাশেদ খান।
তবে ফেসবুক পোস্টে করা এসব রাজনৈতিক অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বিরোধী দলের নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।