ঢাকা   ০৪:৫০:৩৫ পিএম, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সম্প্রীতিতে দুর্গাপূজা উদযাপন

Reporter Name
  • Update Time : Sunday, October 25, 2026,
  • 2 Time View
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় সম্প্রীতি ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এ বছর শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আগাম প্রস্তুতি, প্রযুক্তিনির্ভর নজরদারি ও প্রতিরোধমূলক পদক্ষেপের ফলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই উৎসব সম্পন্ন হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বছর দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। উৎসবকে আনন্দমুখর করতে সরকারি বরাদ্দ বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে। পাশাপাশি প্রতিটি মণ্ডপে চালের বরাদ্দ ১০০ কেজি বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে। পূজা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ টানা পাঁচ দিনের ছুটি পেয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা।
উৎসবের নিরাপত্তা নিশ্চিত করায় পুলিশ, বিজিবি, আনসার, গোয়েন্দা সংস্থা ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান মন্ত্রী। তিনি বলেন, এবার কোনো ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগাম প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। ডিজিটাল অ্যাপ ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত নজরদারি চালানো হয়েছে। এতে সম্ভাব্য কয়েকটি নাশকতার পরিকল্পনা আগেই শনাক্ত ও নস্যাৎ করা সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি।
গোপালগঞ্জ সদরের খেয়াঘাট এলাকায় পুলিশের ওপর হামলার অপচেষ্টা সম্পর্কে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কিছু সন্ত্রাসী এ ঘটনায় জড়িত। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পার্বত্য অঞ্চলের সাজেকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, সশস্ত্র গোষ্ঠীগুলোর অভ্যন্তরীণ বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পর্যটন মৌসুমে উত্তেজনা তৈরি হয়। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় নেতৃত্ব কাজ করছে।

পূজার ছুটিতে একজন অতিরিক্ত ডিআইজির বাসভবনে অভিযান এবং মোবাইল কোর্টে ৮৫ জনকে সাজা দেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, অভিযুক্ত কর্মকর্তাকে ইতিমধ্যে সংযুক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা ও অন্যান্য আইনগত প্রক্রিয়া চলবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তি ও প্রচলিত আইন অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবেশী দেশকে একাধিকবার অনুরোধ জানানো হয়েছে। পলাতক অপরাধীদের কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। এ ব্যবস্থা পুনর্বহালে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে বলে জানান তিনি।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল রাজনৈতিক সমঝোতা ও আন্দোলনের অঙ্গীকারের অংশ। এ জন্য আইনসভার মাধ্যমে সংবিধানে প্রয়োজনীয় সংশোধন করে ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি