https://bindubanglatv.com/
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলার তেভাগিয়া গ্রামের সন্তান এ আর এম খালেকুজ্জামান ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। সরকারের এ নিয়োগের খবরে তাঁর নিজ এলাকা হোমনায় আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
গতকাল প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়। এ আর এম খালেকুজ্জামান হোমনা উপজেলার আছাদপুর ইউনিয়নের তেভাগিয়া গ্রামের বাসিন্দা। তিনি সাবেক বিমান বাহিনীর সার্জেন্ট মরহুম এ আর এম অহেদুজ্জামানের সন্তান।
খালেকুজ্জামান রামকৃষ্ণপুর কে কে আর কে উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন।
শিক্ষাজীবন শেষে সপ্তম বিসিএসের কর্মকর্তা হিসেবে বগুড়ায় কর্মজীবন শুরু করেন তিনি। দীর্ঘ কর্মজীবনে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে উপসচিব হিসেবে অবসর গ্রহণ করেন।
কর্মজীবনে তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
হোমনার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের শীর্ষ পদে দায়িত্ব পাওয়াকে এলাকার মানুষ গর্বের বিষয় হিসেবে দেখছেন। তাঁদের মতে, দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে তাঁর এ নিয়োগ শুধু পরিবারের নয়, পুরো হোমনাবাসীর জন্য আনন্দের। তাঁর এ অর্জন এলাকার তরুণ প্রজন্মের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।
নতুন দায়িত্বে এ আর এম খালেকুজ্জামানের সফলতা কামনা করে অভিনন্দন জানিয়েছেন তাঁর পরিবার, স্বজন, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা।