https://bindubanglatv.com/
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ০৪ শতাংশ। গত বছর এ হার ছিল ৪৮ দশমিক ৮৬ শতাংশ। এবার বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী। ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে থাকলেও সার্বিকভাবে অর্ধেকের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।
বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর মোট ৯২ হাজার ১৬২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৩৬ হাজার ৭২৮ জন ছেলে এবং ৫৫ হাজার ৪৩৪ জন মেয়ে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মোট ৪৪ হাজার ২৭২ জন। এর মধ্যে ছেলে ১৫ হাজার ৮৫৭ জন এবং মেয়ে ২৮ হাজার ৪১৫ জন।
লিঙ্গভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ছেলেদের পাসের হার ৪৩ দশমিক ১৭ শতাংশ। অন্যদিকে মেয়েদের পাসের হার ৫১ দশমিক ২৬ শতাংশ। পাসের হার ও উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা—উভয় ক্ষেত্রেই ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।
এবারের ফলাফলে ইংরেজি ও উচ্চতর গণিত বিষয়ে তুলনামূলক খারাপ ফলাফলকে সামগ্রিক ফল বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে শিক্ষা বোর্ড। পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, ইংরেজি ও উচ্চতর গণিতে এ বছর ফল বিপর্যয় হয়েছে। নিচের শ্রেণিগুলো থেকে এসব বিষয়ের মৌলিক ভিত্তি পরিষ্কার না হওয়ার কারণে শিক্ষার্থীরা ভালো ফল করতে পারেনি। এ বিষয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের আরও সচেতন হতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ শিপন মিয়া, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর আবু সালেহ মো. তারিক মাহমুদ, উপপরীক্ষা নিয়ন্ত্রক মোসা. পাপিয়া আক্তার ও মো. মাহমুদুল ইসলাম।