https://bindubanglatv.com/
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মেঘনা উপজেলায় ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে দুই কলেজে ভিন্ন চিত্র দেখা গেছে। উপজেলার মুজাফফর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করলেও মানিকারচর সরকারি কলেজে পাসের হার ৫১ দশমিক ১৯ শতাংশ।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, মুজাফফর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এ ২৫ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছেন। প্রতিষ্ঠানটির পাসের হার ১০০ শতাংশ।
অন্যদিকে, মানিকারচর সরকারি কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ২৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১২৯ জন। অনুত্তীর্ণ হয়েছেন ১২৩ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৫১ দশমিক ১৯ শতাংশ।
বিভাগভিত্তিক ফলাফলে মানিকারচর সরকারি কলেজের বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক—তিন বিভাগেই পাস ও অকৃতকার্যের চিত্রে পার্থক্য রয়েছে। মুজাফফর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের তুলনামূলক ভালো ফলাফল এবং মানিকারচর সরকারি কলেজের পাসের হারে ব্যবধান স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাসংশ্লিষ্টদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
শিক্ষাপ্রতিষ্ঠান দুটির ফলাফলে এই ব্যবধানের পেছনে শিক্ষার্থীদের প্রস্তুতি, পাঠদান কার্যক্রম, উপস্থিতি ও শিক্ষার পরিবেশ কতটা ভূমিকা রেখেছে, তা পর্যালোচনার দাবি রাখে। বিশেষ করে মানিকারচর সরকারি কলেজের ফলাফল উন্নয়নে বিভাগভিত্তিক দুর্বলতা চিহ্নিত করে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।