ঢাকা   ১১:৩৬:৫১ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টানা বৃষ্টির আভাস, বাড়তে পারে শীত

Reporter Name
  • Update Time : Thursday, November 19, 2026,
  • 0 Time View
  • ৮ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দেশের ওপর একটি শক্তিশালী ও প্রায় পূর্ণাঙ্গ ক্রান্তীয় বৃষ্টি বলয় সক্রিয় হতে যাচ্ছে। এর প্রভাবে দেশের প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ এলাকায় কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে দেশের উপকূলসহ কিছু কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য জানায়।

বৃহস্পতিবার থেকে শুরু হয়ে এই বৃষ্টি বলয়টি আগামী সোমবার পর্যন্ত পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তার লাভ করবে, যার সর্বোচ্চ সক্রিয়তা দেখা যাবে আগামী ২০ ও ২১ নভেম্বর। এই মৌসুমি বৃষ্টি বলয়ের কারণে দেশের ওপর থেকে তাপপ্রবাহ সম্পূর্ণ দূর হয়ে আবহাওয়া বেশ শীতল হতে পারে।

বিডব্লিউওটি জানায়, এই বৃষ্টি বলয়টি প্রথমে দেশের দক্ষিণাঞ্চল দিয়ে সক্রিয় হতে শুরু করবে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে দেশের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়বে। এর সক্রিয়তার মাত্রার ওপর ভিত্তি করে খুলনা ও ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় এটি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। এছাড়া রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় এর প্রভাব বেশ ভালোভাবে দেখা যাবে। রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় এটি মাঝারি মাত্রায় সক্রিয় থাকলেও দক্ষিণ চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এর প্রভাব তুলনামূলক কম থাকতে পারে।

এই বৃষ্টি বলয়ের সময় কালবৈশাখী ঝড় বা শিলাবৃষ্টির কোনো শঙ্কা না থাকলেও দেশের অধিকাংশ স্থানে দমকা বা মাঝারি হাওয়া বয়ে যেতে পারে এবং হালকা থেকে মাঝারি ধরনের বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় আকভানের দূরবর্তী প্রভাব এবং বায়ুচাপের তারতম্যের কারণে উত্তর বঙ্গোপসাগর মাঝারি থেকে উত্তাল থাকতে পারে। এছাড়া দেশের আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং অধিক সক্রিয় এলাকাগুলোতে একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ চট্টগ্রাম বিভাগে অন্যান্য এলাকার তুলনায় রোদের পরিমাণ কিছুটা বেশি থাকতে পারে। ভারী বৃষ্টির ফলে দেশের নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হলেও পাহাড়ি ঢল বা পাহাড়ধসের কোনো আশঙ্কা নেই।

সংস্থাটি বিভাগভিত্তিক বৃষ্টির পরিসংখ্যানে জানায়, এই পাঁচ দিনের মধ্যে ঢাকায় ১৪০ থেকে ১৬০ মিলিমিটার, খুলনায় ১৫০ থেকে ১৮০ মিলিমিটার, রাজশাহীতে ১০০ থেকে ১৫০ মিলিমিটার এবং বরিশালে ৮০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়া ময়মনসিংহে ৬০ থেকে ৮০ মিলিমিটার, সিলেটে ৫০ থেকে ৭০ মিলিমিটার, চট্টগ্রামে ২০ থেকে ১০০ মিলিমিটার এবং রংপুরে ৩০ থেকে ৭৯ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে। এই বৃষ্টির ফলে দেশের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ এলাকার কৃষি জমির সেচের চাহিদা পূরণ হতে পারে।

এদিকে জেলাভিত্তিক পূর্বাভাসে বিডব্লিউওটি জানায়, খুলনা বিভাগের ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর ও মাগুরা জেলায় তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে ঢাকা বিভাগের রাজবাড়ী, মাদারীপুর, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলায় এবং রাজশাহী বিভাগের পাবনা ও নাটোর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা, দিঘা, বর্ধমান, আসানসোল, বহরমপুর ও ২৪ পরগনার বিভিন্ন অংশেও এর প্রভাবে উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি বলয় চলাকালীন সময়ে দেশের আকাশ মেঘলা থাকায় এবং রোদের উপস্থিতি কম থাকায় জনজীবনে বেশ শীতল ভাব বজায় থাকবে।

সংস্থাটি আরও জানায়, দেশজুড়ে শুরু হতে যাওয়া টানা বৃষ্টিপাত ও মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে তাপমাত্রা হঠাৎ করেই উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে চলতি মৌসুমের স্বাভাবিক আবহাওয়ার তুলনায় বেশ ভালো ঠাণ্ডা অনুভূত হতে পারে। আজ থেকেই বৃষ্টির পাশাপাশি সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান দ্রুত কমে যাওয়ার এই ধারা শুরু হতে পারে, যা জনজীবনে শীতের আমেজ আরও বাড়িয়ে দেবে।

হঠাৎ করে আবহাওয়া পরিবর্তনের এই পরিস্থিতিতে শিশু ও বয়স্কদের স্বাস্থ্য নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বনের তাগিদ দেওয়া ওয়েদার অবজারভেশন টিম। এই দুই বয়সীর রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক কম থাকায় তারা খুব সহজেই সর্দি-কাশি, জ্বর ও ঠান্ডা লাগার নানা জটিলতায় আক্রান্ত হতে পারেন। তাই পরিবারের এসব বিশেষ যত্ন প্রয়োজনীয় সদস্যদের প্রতি বাড়তি খেয়াল রাখার পাশাপাশি আগে থেকেই পর্যাপ্ত গরম কাপড়ের প্রস্তুতি নিশ্চিত করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি