https://bindubanglatv.com/
জেলার সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে গোপালগঞ্জে পৌঁছেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ। তাঁদের সঙ্গে রয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে আইজিপি আলী হোসেন ফকির গোপালগঞ্জে পৌঁছান। একটি সূত্র জানায়, তাঁরা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন। এ সময় সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ও পুড়ে যাওয়া থানাগুলো পরিদর্শনের পাশাপাশি জেলা পুলিশের আয়োজনে বিশেষ সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁদের।
এদিকে, কয়েক দিনের সহিংসতার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত থেকে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। রাত থেকে কোথাও কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।
শুক্রবার সকালে জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাতভর বৃষ্টির কারণে সকাল পর্যন্ত কোথাও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মিছিল কিংবা ভাঙচুরের খবর পাওয়া যায়নি। তবে ওষুধ ও খাবারের দোকান ছাড়া জেলা শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।