https://bindubanglatv.com/
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:
শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে কুমিল্লার মেঘনায় বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে লক্ষনখোলা (দক্ষিণ) আলোর দিশারি সমাজকল্যাণ সংঘ। শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় লক্ষনখোলা মুন্সীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি কিন্ডারগার্টেনসহ মোট নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৭ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষায় চতুর্থ শ্রেণির ৫৩ জন এবং পঞ্চম শ্রেণির ৭৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পঞ্চম শ্রেণির রাজিয়া আক্তার নামে এক শিক্ষার্থী অনুপস্থিত থাকায় নির্ধারিত ১২৮ জনের মধ্যে ১২৭ জন পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন মেঘনা থানার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসহাক মিয়া ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
এ সময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মেঘনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন, বিদ্যালয়ের সভাপতি ও আয়োজক সংগঠনের সদস্য মো. এনামুল হক, জসিম উদ্দিন, সানাউল্লাহ, আলমগীরসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় উৎসাহ সৃষ্টি এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তোলাই এ বৃত্তি পরীক্ষার মূল উদ্দেশ্য। স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন ও শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।