https://bindubanglatv.com/
সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের বিচ্ছিন্ন প্রকল্পগুলোর মধ্যে সমন্বয় বা ‘রিয়েল-টাইম ইন্টার-অপারেবিলিটি’ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ব্যাংক, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং পুঁজিবাজারের মধ্যে তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানের ব্যবস্থা না থাকলে ব্যবসার খরচ কমানো, স্বচ্ছতা আনা এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধ করা সম্ভব নয়।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুর-২-এ অবস্থিত বাংলাদেশ ব্যাংক ট্রেনিং অ্যাকাডেমিতে (বিবিটিএ) লেনদেনের তথ্য আদান-প্রদানের জন্য প্রস্তুতকৃত প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট (বার্তা)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরও উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, দেশের বিনিয়োগ পরিবেশের সঙ্গে তাল মেলাতে, স্বচ্ছতা বাড়াতে এবং ব্যবসার খরচ কমিয়ে স্থানীয় মূল্য সংযোজন (ভ্যালু এডিশন) বৃদ্ধি করতে ডিজিটাল আন্তঃসংযোগ অত্যন্ত জরুরি। অতীতে দেখা গেছে, একেকটি মন্ত্রণালয় বা সংস্থা নিজেদের মতো করে আলাদা বা স্ট্যান্ড-অ্যালোন প্রকল্প বাস্তবায়ন করেছে, যেখানে অন্য প্রতিষ্ঠানের সঙ্গে কোনো সংযোগ বা ইন্টার-অপারেবিলিটি ছিল না। এমনকি কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে পুঁজিবাজার বা এনবিআরের মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলোরও কার্যকর তথ্য আদান-প্রদানের ব্যবস্থা ছিল না।
রিয়েল-টাইম ইন্টার-অপারেবিলিটি ছাড়া প্রকৃত অটোমেশন অসম্ভব উল্লেখ করে তিনি জানান, বর্তমান সরকার প্রতিটি লেনদেনে রিয়েল-টাইম নজরদারি ও স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করছে, যাতে সময় ও ব্যবসার খরচ কমে আসে। শুধু একটি খাতে খরচ কমিয়ে সামগ্রিক ‘কস্ট অব ডুয়িং বিজনেস’ কমানো সম্ভব নয় বলেই এনবিআরের লেনদেনের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক, বিমা খাত এবং বন্দর ব্যবস্থাপনাকে যুক্ত করা হচ্ছে।
বিমা খাতের অনিয়ম ও রাজস্ব ক্ষতির চিত্র তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ব্যাংকিং খাতের মতো বিমা খাতও চরম দুরবস্থায় পড়েছে। বিমা কোম্পানিগুলো গ্রাহকের দাবি বা ক্লেইম পরিশোধ না করে সেই অর্থ দিয়ে নিজেরা সম্পত্তি কিনছে এবং ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করছে।
তিনি জানান, আমদানির ক্ষেত্রে এলসি (ঋণপত্র) খোলার সময় ২০ লাখ টাকার প্রিমিয়ামের বিপরীতে বিমা কোম্পানির কাছ থেকে কাভারনোট নেওয়া হচ্ছে, কিন্তু পণ্য দেশে আসার পর প্রিমিয়াম পরিশোধ না করেই কাভারনোট ছিঁড়ে ফেলা হচ্ছে। এভাবে বিমা কোম্পানির সঙ্গে যোগসাজশে হাজার কোটি টাকার পণ্য আমদানি হলেও সরকার কোনো রাজস্ব পাচ্ছে না, প্রিমিয়াম জমা হচ্ছে না এবং সাধারণ শেয়ারহোল্ডাররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই অনিয়মে হাত দেওয়ার পর থেকেই প্রভাবশালী মহল থেকে বাধা আসা শুরু হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
সরকারের রাজস্ব আহরণের গুরুত্ব তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, রাজস্ব আদায় করতে না পারলে দেশের উন্নয়ন ও সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো চালিয়ে নেওয়া সম্ভব হবে না, যা সমাজে ভিন্ন ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করবে। তাই এলসি ও বিমা সংক্রান্ত জালিয়াতি এবং ব্যাক-টু-ব্যাক এলসির অনিয়ম বন্ধে বাংলাদেশ ব্যাংক ও আইডিআরএ-কে একসঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। একইভাবে পুঁজিবাজারে স্বচ্ছতা আনতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, তালিকাভুক্ত কোম্পানি এবং ব্রোকারেজ হাউসগুলোকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। তবে সেখানে প্রয়োজনীয় নিরাপত্তার জন্য ফায়ারওয়াল থাকবে, যাতে কেউ অননুমোদিত তথ্যে প্রবেশ করতে না পারে। এর ফলে ব্রোকারদের কারসাজি, যোগসাজশ এবং আন্ডারহ্যান্ড ডিলিং বন্ধ হবে এবং সরকারের রাজস্ব বাড়বে। বন্দর ব্যবস্থাপনাতেও একই ধরনের অটোমেশন ও আন্তঃসংযোগ চালু করা হচ্ছে বলে জানান তিনি।
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাজের প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, এখন বেশি কথা বলার চেয়ে কাজ বেশি করা প্রয়োজন, যা গভর্নর করে দেখাচ্ছেন। তবে যেকোনো সংস্কার সফল করতে হলে অংশীজনদের (স্টেকহোল্ডার) সঙ্গে ধারাবাহিক আলোচনা ও তাদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। বিদেশ সফরে বিশেষ করে জাপান ও কোরিয়ায় গেলে বিনিয়োগকারীরা এনবিআরের জটিলতার বিষয়টি বারবার সামনে নিয়ে আসেন উল্লেখ করে তিনি বলেন, সরকার যতই আন্তরিক ও কঠোর হোক না কেন, অংশীজনরা সাহস নিয়ে সমস্যা চিহ্নিত না করলে এবং এগিয়ে না এলে সংস্কার সফল হবে না। সবকিছু সরকার প্লেটে তুলে দেবে-এমন মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি অনুষ্ঠানে ফুল না দেওয়ার নির্দেশনা থাকা সত্ত্বেও ফুল দেওয়ার সংস্কৃতির উদাহরণ টেনে বলেন, প্রচলিত অপ্রয়োজনীয় অভ্যাসগুলো আমাদের পরিবর্তন করতে হবে।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং সাধারণ মানুষের কল্যাণের স্বার্থে যেকোনো কঠোর বা ‘পেইনফুল’ সিদ্ধান্ত নিতেও রাজনৈতিক সরকার প্রস্তুত রয়েছে।