https://bindubanglatv.com/
জমি নিয়ে বিরোধ, হয়রানি ও অনিয়মের অবসান ঘটিয়ে ভূমি অফিসগুলোকে জনবান্ধব করার তাগিদ দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, ভূমি অফিসে কোনো ভূমিদস্যু যাতে প্রভাব বিস্তার করতে না পারে, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। সাধারণ মানুষকে সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করা যাবে না।
শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে ইউএনডিপি আয়োজিত অটোমেটেড ভূমি সেবা ব্যবস্থায় ভূমি তথ্য সন্নিবেশ ও সংরক্ষণ কার্যক্রমবিষয়ক অবহিতকরণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, জমি নিয়ে বিরোধ ও জটিলতায় দেশের বহু পরিবার নিঃস্ব হচ্ছে। ভূমি অফিসে গিয়ে সাধারণ মানুষ যেন হয়রানি ও ভোগান্তির শিকার না হন, সেটি নিশ্চিত করতে হবে। কোনো ভূমিদস্যু যাতে অফিসে প্রভাব খাটিয়ে সুযোগ-সুবিধা নিতে না পারে, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। বরং সাধারণ সেবাপ্রত্যাশীরা যেন অগ্রাধিকার পান।
কর্মকর্তাদের নৈতিকতা ও দায়িত্বশীলতার বিষয়ে সতর্ক করে মন্ত্রী বলেন, দুনিয়াই শেষ কথা নয়। কোনো অন্যায়-অনিয়ম করলে পরকালেও জবাবদিহি করতে হবে। অন্যায় ও অনিয়মের মাধ্যমে যারা অর্থ-সম্পদের মালিক হয়েছেন, তাদের কেউ ভালোভাবে দুনিয়া থেকে বিদায় নিতে পারেননি। জীবদ্দশাতেও তাদের কষ্ট পেতে হয়েছে। তাই সবাইকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, ভূমি নিয়ে দীর্ঘদিনের জটিলতা ও হয়রানি নিরসনে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ব্যবস্থাপনা গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যে ইউএনডিপির সহযোগিতায় ভূমি ব্যবস্থাপনাকে স্বয়ংক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মশালায় অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে জনগণের জন্য নিরাপদ ও সহজ ভূমি সেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সোনালি দয়ারত্নে। এতে রাজশাহীর নয়টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।