শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, সহজ ও ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট সবার প্রতি সৃজনশীল প্রস্তাব ও কার্যকর উদ্যোগ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষাক্ষেত্রে অপ্রয়োজনীয় জটিলতা বা ‘রেড টেপ’ দূর করে সময়োপযোগী ও উৎপাদনশীল কারিকুলাম প্রণয়ন করতে হবে।
রবিবার রাজধানীতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় মন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় কোনো প্রচলিত প্রশাসনিক মন্ত্রণালয় নয়; এটি জাতি গঠনের মন্ত্রণালয়। এ মন্ত্রণালয় দেশের ভবিষ্যৎ নির্মাণ করে এবং নতুন প্রজন্মকে গড়ে তোলে।
মন্ত্রী আরও বলেন, কোর্স ও কারিকুলামকে সহজ, আধুনিক ও বাস্তবমুখী করতে সংশ্লিষ্টদের নিজ নিজ কাজ পর্যালোচনা করে উন্নয়নমূলক প্রস্তাব দিতে হবে। “এটি আপনার দেশ, আপনার সন্তান, আপনার ভবিষ্যৎ। আগামীর বাংলাদেশ গড়তে হলে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। নতুনভাবে চিন্তা করতে হবে,”—যোগ করেন তিনি।
২০২৭ সালের লক্ষ্যমাত্রা অর্জনের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করতে হবে। আগামী সপ্তাহের মধ্যেই এ প্রক্রিয়া শুরু করার ওপর তিনি গুরুত্বারোপ করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে সিলেবাস প্রণয়নে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
মাদ্রাসা ও সাধারণ শিক্ষার সঙ্গে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে তিনি বলেন, উন্নত দেশের শিক্ষামডেল, গবেষণা প্রবন্ধ ও পিএইচডি গবেষকদের কাজ পর্যালোচনা করে কার্যকর ধারণা গ্রহণ করতে হবে। আন্তর্জাতিক অভিজ্ঞতা ধাপে ধাপে জাতীয় শিক্ষানীতিতে সংযুক্ত করার কথাও জানান তিনি। সবার সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আধুনিক ও ভবিষ্যতমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
সভায় উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি শিক্ষা খাতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সুনির্দিষ্ট ও বাস্তবভিত্তিক সমাধান প্রস্তাব আহ্বান করেন। প্রতিমন্ত্রী বলেন, মাদ্রাসা বোর্ড ও সংশ্লিষ্ট অধিদপ্তরের দায়িত্ব, শিক্ষকসংক্রান্ত সমস্যা, বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় এবং প্রশাসনিক জটিলতা নিরসনে একটি সুসংগঠিত ‘সলিউশন লিস্ট’ প্রণয়ন করে মন্ত্রণালয়ে উপস্থাপন করা প্রয়োজন। এতে কার্যকর আলোচনা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হবে।
মতবিনিময় সভায় কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।