কুমিল্লার মেঘনা উপজেলা উপজেলার মানিকারচর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযানে তাদের আটক করা হয় বলে আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আজ শুক্রবার (৮মে)মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো.শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার নথি সূত্রে জানা যায়, মেঘনা থানার জিডি নং-৩১৯ এর ভিত্তিতে ৭ মে রাত সাড়ে ৯টার দিকে মানিকারচর ইউনিয়নের মাধবপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, স্থানীয় একটি পাকা সড়কের ওপর কয়েকজন ব্যক্তি ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। পরে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. আল আমিন (২৪) ও মো. রমজান আলী (৪০)। তাদের বাড়ি মেঘনা উপজেলার চন্দনপুর এলাকায়।পুলিশ জানায়, আটক আল আমিনের লুঙ্গির কোচড় থেকে চার পিস এবং রমজান আলীর শার্টের পকেট থেকে চার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মো. জিয়াউর রহমান আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে আসামীদের বিরুদ্ধে মাদক বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে থাকায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের জেল হাজতে আটক রাখা প্রয়োজন।আদালতে দাখিল করা প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গ্রেফতার রমজান আলীর বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক ও ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একাধিক মামলায় চার্জশিটও দাখিল করা হয়েছে। ওসি শহীদুল ইসলাম বলেন এ ঘটনায় মেঘনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।