• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
  • [gtranslate]

মালদায় বিএসএফ সদর দপ্তরে সহকর্মীদের গুলিতে নিহত ২

ডেস্ক রিপোর্ট / ১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলায় বাংলাদেশ সীমান্তসংলগ্ন বিএসএফের একটি ব্যাটালিয়ন সদর দপ্তরে সহকর্মীদের ওপর এক জওয়ানের গুলিতে দুই সদস্য নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মালদার বৈষ্ণবনগর থানার ১৭ নম্বর মাইল এলাকায় অবস্থিত বিএসএফের ৭১ ও ১১৯ নম্বর ব্যাটালিয়নের যৌথ সদর দপ্তরে এ রক্তক্ষয়ী ঘটনা ঘটে। মালদার পুলিশ সুপার অনুপম সিং ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত জওয়ান শিবম কুমার মিশ্র প্রধান প্রবেশদ্বারে দায়িত্বে থাকা এক সেন্ট্রিকে কাবু করে তাঁর সার্ভিস রাইফেল ছিনিয়ে নেন। পরে ব্যারাকে ঢুকে এলোপাতাড়ি গুলি চালালে তিন সদস্য গুলিবিদ্ধ হন।
আহতদের দ্রুত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা অজয় কুমার সিং (৫১) ও সুরেশ দুর্গু আম্বেদকরকে মৃত ঘোষণা করেন। আহত হেড কনস্টেবল বিকাশ ব্রহ্ম (৪৪) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর পায়ে গুলি লেগেছে বলে জানা গেছে।
আহত বিকাশ ব্রহ্ম জানান, ডিউটি শেষে ব্যারাকে ফেরার পর হঠাৎ গুলির শব্দ শুনে তিনি আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁর সামনেই দুই সহকর্মী গুলিবিদ্ধ হন এবং তিনিও আহত হন।
পুলিশ জানায়, অভিযুক্ত শিবম কুমার মিশ্রের বিরুদ্ধে আগে বিএসএফে কোর্ট-মার্শাল হয়েছিল এবং কিছুদিন তিনি অভ্যন্তরীণ হেফাজতে ছিলেন। সম্প্রতি মুক্তি পাওয়ার পর শৃঙ্খলাজনিত ব্যবস্থার প্রতিশোধ নিতেই তিনি এ হামলা চালিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর শিবম কুমার মিশ্রকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনার কারণ উদ্‌ঘাটনে বিএসএফ একটি উচ্চপর্যায়ের অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। নিহত ও আহত সদস্যদের পরিবারকেও বিষয়টি জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন