ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা থেকে নিখোঁজ হওয়া মুক্তা রানী দেবনাথ (২২) ও তাঁর চার বছর বয়সী ছেলে উৎসব দেবনাথকে নরসিংদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
গত ২৮ জুলাই রাত আনুমানিক ১টার দিকে নরসিংদী জেলার ভেলানগর ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়। ভুক্তভোগীর পরিবার এ তথ্য নিশ্চিত করেছে।
গত ২২ জুলাই সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জল্লী গ্রাম থেকে মা-ছেলে রহস্যজনকভাবে নিখোঁজ হন। এরপর তাঁরা আর বাড়ি ফেরেননি। এ ঘটনায় নিখোঁজ মুক্তা রানী দেবনাথের স্বামী বিজয় দেবনাথ নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়।
পরিবার ও পুলিশের যৌথ তৎপরতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় নরসিংদীর ভেলানগর এলাকা থেকে তাঁদের অবস্থান শনাক্ত করা হয়।
পরে পুলিশ অভিযান চালিয়ে মা ও ছেলেকে সুস্থ অবস্থায় উদ্ধার করে। বর্তমানে তাঁরা নিরাপদ রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।