• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
  • [gtranslate]

টানা ভারি বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, রেড অ্যালার্ট জারি

নিজস্ব সংবাদ দাতা / ১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

বিন্দুবাংলা টিভি. কম, আন্তর্জাতিক ডেস্ক:

টানা ভারি বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। কয়েক দিন ধরে বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও কোমরসমান পানি জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালেও দিল্লির বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে। দিনের সময় বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। এ পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন এলাকার জন্য রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভারি বৃষ্টিতে দিল্লির বেশ কয়েকটি এলাকা কার্যত অচল হয়ে পড়ে। জলাবদ্ধ সড়ক, কোমরসমান পানি এবং ধীরগতির যান চলাচলের কারণে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অনেক এলাকায় পানি জমে থাকায় স্বাভাবিক যান চলাচলও ব্যাহত হয়।

তবে মঙ্গলবারও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সময় বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে।

মঙ্গলবার সকালে দেওয়া আইএমডির সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী দুই থেকে তিন ঘণ্টায় দিল্লির বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাত হতে পারে। রাজধানীর অনেক এলাকায় বজ্রঝড়, বজ্রপাত এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাসসহ মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিছু এলাকায় ভারি থেকে অতিভারি বৃষ্টিও হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

সতর্কতার আওতায় রয়েছে সেন্ট্রাল দিল্লি, ইস্ট দিল্লি, নিউ দিল্লি, নর্থ দিল্লি, নর্থ ইস্ট দিল্লি, নর্থ ওয়েস্ট দিল্লি, শাহদারা, সাউথ দিল্লি, সাউথ ইস্ট দিল্লি, সাউথ ওয়েস্ট দিল্লি ও ওয়েস্ট দিল্লিসহ রাজধানীর বেশ কয়েকটি জেলা।

এদিকে বৈরী আবহাওয়ার আশঙ্কা থাকলেও দিল্লি বিমানবন্দরে বর্তমানে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে যাত্রীদের জানানো হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এক বার্তায় জানিয়েছে, ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী দিল্লি বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় বৈরী আবহাওয়া তৈরি হতে পারে। তবে এখন পর্যন্ত বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে সোমবার বৈরী আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দর থেকে মোট ১৫টি ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এসব ফ্লাইটের মধ্যে তিনটি ছিল আন্তর্জাতিক। সরিয়ে নেওয়া ফ্লাইটগুলোর ১২টি জয়পুর, দুটি চণ্ডীগড় এবং একটি লখনৌ বিমানবন্দরে পাঠানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কতার পর দিল্লির বিভিন্ন এলাকায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ভারি বৃষ্টির কারণে নতুন করে জলাবদ্ধতা ও যানজট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নগরবাসীকে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকতে এবং প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন