জাতি গঠনে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।
সোমবার (১২ অক্টোবর) ব্র্যাক ইউনিভার্সিটিতে এক বিশেষ অতিথি বক্তৃতায় তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ বাঁকে তরুণেরা নেতৃত্ব দিয়েছেন। স্বনির্ভর, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তাঁদের অবদান অপরিসীম।
প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, আধুনিক বিশ্বে জাতীয় নিরাপত্তা শুধু সীমান্ত সুরক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে মানবিক নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা ও কৌশলগত নিরাপত্তার বিষয়গুলোও নিবিড়ভাবে জড়িত। তাই দেশ গঠনে তরুণদের জ্ঞানচর্চা, দেশপ্রেম ও বাস্তবমুখী চিন্তার বিকাশ ঘটাতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তরুণদের এ দর্শনে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে মেধা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে দেশের অগ্রগতিতে অবদান রাখতে হবে।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করে ড. এ কে এম শামছুল ইসলাম বলেন, আন্দোলনের সময় শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে আহতদের উদ্ধার, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং আন্দোলনকারীদের সুরক্ষায় কাজ করেছেন। অন্যায়ের বিরুদ্ধে তাঁদের আত্মত্যাগ ও ঐক্যবদ্ধ প্রতিরোধ জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রযুক্তিগত উৎকর্ষ, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে বলীয়ান হয়ে তরুণেরা জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলা করবেন এবং বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।
অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তৃতা শেষে প্রতিরক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাঁদের গবেষণামূলক উদ্যোগের প্রশংসা করেন।
এর আগে প্রতিরক্ষা উপদেষ্টা ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত দুই দিনব্যাপী ক্যারিয়ার ফেয়ারের উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ ফারহাত আনোয়ার উপস্থিত ছিলেন।