বাংলাদেশ বিমান বাহিনীর এফএম-৯০ ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের লাইভ ফায়ারিং মহড়া সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার কক্সবাজারের নিদানিয়ায় অবস্থিত কক্সবাজার এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে (সিএডিএফআর) বিমান বাহিনীর ৩০১ স্যাম ইউনিট এ মহড়া পরিচালনা করে। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন মহড়া পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বিমান বাহিনী প্রধান লাইভ মিসাইল ফায়ারিং কার্যক্রমের সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সরেজমিনে মহড়ার কার্যক্রম প্রত্যক্ষ করেন।
মহড়া সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের প্রশংসা করেন তিনি। পাশাপাশি ভবিষ্যতেও পেশাদারিত্ব বজায় রাখার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় বিমান বাহিনী প্রধান বলেন, বাংলাদেশ বিমান বাহিনীতে আধুনিক যুদ্ধবিমান ও উন্নত প্রযুক্তির সরঞ্জাম সংযোজনের কার্যক্রম চলমান রয়েছে। বিমান বাহিনীর নিজস্ব সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর তিনি সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।
মহড়া পরিদর্শনকালে সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ), বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের এয়ার অধিনায়ক, ১০ পদাতিক ডিভিশনের জিওসি, নৌবাহিনী, বিজিবি ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিমান সদর ও সংশ্লিষ্ট ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদবির সদস্যরা উপস্থিত ছিলেন।