https://bindubanglatv.com/
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মোবাইল ফোন, সিমকার্ড, নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৮ জন, লালবাগ বিভাগে ৪৭ জন, ওয়ারী বিভাগে ৮৭ জন, মতিঝিল বিভাগে ৭৮ জন, তেজগাঁও বিভাগে ১১০ জন, মিরপুর বিভাগে ২০৬ জন, গুলশান বিভাগে ৭৮ জন, উত্তরা বিভাগে ৩২ জন, স্পেশাল রিজার্ভ ইউনিটে (এসআরইউ) চারজন এবং গোয়েন্দা বিভাগে চারজন রয়েছেন।
অভিযানকালে ২ হাজার ৫০৮ পিস ইয়াবা, ২৩ কেজি গাঁজা ও ৪৯৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া ১৮টি মোবাইল ফোন, ৭৯টি সিমকার্ড, একটি মোটরসাইকেল, চারটি ব্যাটারিসহ একটি অটোরিকশা, নগদ ৩২ হাজার ৫৩০ টাকা, ১০৪টি জুয়া খেলার কার্ড, আটটি খাতা এবং গাঁজা ভর্তি কলকি ও কাটার উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ডিএমপির নিয়মিত অভিযানে এসব ব্যক্তি গ্রেপ্তার হন। এ সময় বিভিন্ন অপরাধের আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপির।