https://bindubanglatv.com/
মোঃ মিলন শাহ, বিশেষ প্রতিনিধি:
নওগাঁয় ডিবির (জেলা গোয়েন্দা শাখা) এক সফল অভিযানে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশনায় চালিত এই অভিযানে আসামিদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর (২০২৬) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে কাজ শেষে বাড়ি ফিরছিলেন হানিফ নামের এক গ্রিলমিস্ত্রি। নওগাঁ সদর থানার চুনিয়াগাড়ি গ্রামে জনৈক শিহাব হোসেনের জমির পাশের নির্জন রাস্তায় পৌঁছালে, অজ্ঞাতপরিচয় তিন ছিনতাইকারী তাঁর পথরোধ করে। অস্ত্র ও ভীতি প্রদর্শন করে তারা হানিফের সঙ্গে থাকা মোটরসাইকেল ও মোবাইল ফোনটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে সটকে পড়ে।
ঘটনাটি জানতে পেরে নওগাঁর পুলিশ সুপার অপরাধীদের দ্রুত শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) নির্দেশ দেন। নির্দেশ পেয়ে ডিবির একটি চৌকস দল আধুনিক তথ্য-প্রযুক্তি ও উপাত্ত বিশ্লেষণ করে ক্লুলেস এই ছিনতাইয়ের রহস্য উন্মোচন করে।
পরবর্তীতে গত ২০ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে জয়পুরহাট ও নওগাঁ সদর থানার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালায় ডিবি। একপর্যায়ে নওগাঁ সদর থানার হাপানিয়া বাজার এলাকা থেকে ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।