https://bindubanglatv.com/
চাঁদপুর প্রতিনিধি:-
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে মেঘনা নদীতে অভিযান চালিয়ে দুই জেলেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। এ সময় এক হাজার মিটার কারেন্ট জাল ও একটি ইঞ্জিনচালিত জেলে নৌকা জব্দ করা হয়। এ ছাড়া ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের আওতাধীন বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ি এ অভিযান পরিচালনা করে। মেঘনা নদীর চর-আবদুল্লাহ ও চর-আলেকজান্ডারসহ আশপাশের এলাকায় অভিযান চালানো হয়।
নৌ পুলিশ জানায়, ইলিশসহ অন্যান্য মাছ আহরণ নিষিদ্ধ সময়ে মেঘনা নদীতে ইঞ্জিনচালিত কাঠের পুরোনো জেলে নৌকায় নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে এক হাজার মিটার কারেন্ট জাল ও একটি জেলে নৌকা জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত ২০১৩) অনুযায়ী মামলা দায়েরের কার্যক্রম চলছে।
অভিযানে উদ্ধার করা প্রায় ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, রামগতির নির্দেশনায় নদীর পাড়ে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা ৩০ কেজি ইলিশ মাছ গরিব ও অসহায় মানুষের পাশাপাশি স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।