https://bindubanglatv.com/
বাগেরহাট প্রতিনিধি:গত ১৭ বছর রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় পাড়া-মহল্লায় মাদকের আখড়া গড়ে উঠেছিল বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
রোববার (২৫ অক্টোবর) বাগেরহাটে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, কিশোর গ্যাং ও উগ্রবাদবিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, মাদক ও অপরাধ প্রতিরোধে শুধু পুলিশের ওপর নির্ভর করলে হবে না। পাড়া-মহল্লায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে পুলিশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, চলতি বছর ২০ হাজার পুলিশ সদস্য নিয়োগের পরিকল্পনা রয়েছে। তবে একসঙ্গে এত সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার পর্যাপ্ত অবকাঠামো নেই। এ জন্য পুলিশের প্রশিক্ষণ সক্ষমতা বাড়ানো প্রয়োজন।
বেকারত্ব প্রসঙ্গে আইজিপি বলেন, প্রতিবছর প্রায় ২৫ থেকে ২৭ লাখ মানুষ বেকারের তালিকায় যুক্ত হচ্ছেন। নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো গেলে তরুণদের হতাশা কমানোর পাশাপাশি অপরাধপ্রবণতা প্রতিরোধেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
সমাবেশে খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ও পুলিশ সুপার মো. জামিরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।