https://bindubanglatv.com/
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওয়ের লাভ রোড এলাকায় দৈনিক আমার দেশ পত্রিকার ছাপাখানার প্রধান ফটক লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনায় একজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। গত রোববার (২৫ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। একই সময়ে ঘটনাস্থলের কাছ থেকে আরেকটি অবিস্ফোরিত বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
এ ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠন দুটি।
সোমবার (২৬ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী, ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এ নিন্দা জানান।
বিবৃতিতে নেতারা বলেন, সংবাদপত্রের কার্যালয় ও ছাপাখানায় বোমা হামলা স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকতার ওপর গুরুতর আঘাত। এ ধরনের ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক।
তারা বলেন, অতীতে সংবাদপত্রের কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গণমাধ্যমের ওপর এ ধরনের হামলার বিরুদ্ধে সাংবাদিকেরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাবেন।
বিবৃতিতে নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে তাঁরা আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
এ ঘটনায় আমার দেশ কর্তৃপক্ষ তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বলে বিবৃতিতে জানানো হয়।