ঢাকা   ০৫:৫১:৩৫ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদা না দেওয়ায় এজেন্ট ব্যাংক পরিচালককে হত্যা, ৫ দিন পর পুকুর থেকে লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : Friday, November 20, 2026,
  • 0 Time View
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লা প্রতিনিধি: চাঁদা না দেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন রিফাত (৩৬)-কে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে আবরাদ হাসান সজিব নামের এক কিশোর গ্যাং নেতার বিরুদ্ধে।

শুক্রবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই শিবপুর মধ্যমপাড়া সৈয়দুজ্জামানের বাড়ির পাশের পুকুরে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রেদোয়ান হোসেন রিফাত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর মৈশান বাড়ির সাবেক ব্যাংকার দেলোয়ার হোসেনের ছেলে। পারিবারিক জীবনে ১ছেলে ও ১ মেয়ের বাবা। অভিযুক্ত আবরাদ হাসান সজিব কলেজ পাড়ার বাসিন্দা এবং সাবেক যুবলীগ নেতা কবির হোসেন রিঙ্কুর ছেলে।

জানা যায়, রেদোয়ান হোসেন রিফাত লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। গত পাঁচ দিন আগে সজিব ওই ব্যাংকে গিয়ে রেদোয়ানের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে সজিব তাকে মারধর করে এবং তার ব্যবহৃত মুঠোফোন ভেঙে ফেলে। এরপর থেকেই নিখোঁজ ছিলেন রিফাত। ছেলের কোনো খোঁজ না পেয়ে বাবা দেলোয়ার হোসেন সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের পাঁচ দিন পর শিবপুর মধ্যমপাড়া এলাকার সৈয়দুজ্জামানের বাড়ির পাশের একটি পুকুরে রিফাতের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম জানান, এ সজিব ছেলেটা এ এলাকায় কিশোর গ্যাংয়ের মূল। সে যাকে পাইত তাকে মারত। আগে এসব করত, এখন একজন নিরীহ ছেলেকে হত্যা করেছে। আমরা এর ফাঁসি চাই।

নিহতের বাবা দেলোয়ার হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলেকে এ সজিব হত্যা করেছে। এর ফাঁসি চাই। আমার ছেলেটা কত কষ্ট করে এ ব্যাংকটি পরিচালনা করছিল। ছেলেটা চাঁদা চায় আমার ছেলের কাছে। না দিলে সেদিন মারধরের ঘটনার পর ভাবছি আর ঝামেলা করবে না। আজ আমার চোখের সামনে ছেলের লাশ, কীভাবে মানবো?

ঘটনা প্রসঙ্গে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। সজিব নামে একজন এ হত্যার সাথে জড়িত। সেসহ আরও কেউ জড়িত থাকলে তাদের গ্রেফতারে অভিযান চালানো হবে, কেউ রেহাই পাবে না।

এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আনিসুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে ওসির সঙ্গে কথা বলছি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি