দেশের সংকটকালীন সময়ে দায়িত্ব পালনের পর বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছেন বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, দেশের প্রয়োজনেই সেনাবাহিনী মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেছে এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন পর্যায়ক্রমে সদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে।বৃহস্পতিবার সকালে কুমিল্লা সেনানিবাস-এ অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান বলেন, “২০২৪ সালের ক্রান্তিকালে সেনাবাহিনী দেশের প্রয়োজনেই মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছে। সেই কঠিন সময়ে সেনাবাহিনীর ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।”
তিনি আরও বলেন, দীর্ঘ সময় মাঠপর্যায়ে দায়িত্ব পালনের পরও সেনাসদস্যরা ফায়ারিং প্রতিযোগিতায় যে দক্ষতা ও নৈপুণ্যের পরিচয় দিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। পরে বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান।
জানা গেছে, গত ১৬ মে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে শুরু হওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়।
প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স (এমজিও), বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির কমান্ড্যান্ট, ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও কুমিল্লা এরিয়া কমান্ডার, ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও সিলেট এরিয়া কমান্ডারসহ সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।