বাংলাদেশ সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণ উদ্যোগ এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ঠাকুরগাঁও রোডে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে বাংলা কিউআর (Bangla QR) বুথ উদ্বোধন করা হয়েছে।
রোববার (১২ জুলাই) ঠাকুরগাঁও রোডের চেয়ারম্যান মার্কেট প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে সাধারণ গ্রাহকদের আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবার আওতায় এনে নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ আর্থিক লেনদেনে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধন উপলক্ষে পূবালী ব্যাংক পিএলসি, ঠাকুরগাঁও রোড শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি রোড এলাকার প্রধান প্রধান সড়ক, চৌরাস্তা ও গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে পুনরায় চেয়ারম্যান মার্কেটে এসে শেষ হয়। পরে অতিথিরা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বাংলা কিউআর বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
র্যালিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. সেহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, ঠাকুরগাঁও শাখার উপ-মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো. আব্দুর রাজ্জাক। এছাড়াও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও রোড শাখার ব্যবস্থাপক মো. ছানোয়ার হোসেন, রোড বাজারের ব্যবসায়ী এবং ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. সেহেল রানা বলেন, বর্তমান বিশ্বে ডিজিটাল লেনদেনই আধুনিক অর্থনীতির অন্যতম ভিত্তি। একটি স্মার্ট ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে নগদ লেনদেনের বিকল্প হিসেবে ক্যাশলেস ব্যবস্থার সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা কিউআর ব্যবস্থার মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বড় প্রতিষ্ঠানের সবাই সহজ, নিরাপদ ও স্বল্প খরচে ডিজিটাল লেনদেন করতে পারবেন।
তিনি বলেন, ক্যাশলেস লেনদেন আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে, কর ও ভ্যাট ব্যবস্থাকে আরও কার্যকর করে এবং অর্থপাচার ও দুর্নীতি প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেন গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানান এবং সাধারণ মানুষকে নগদের পরিবর্তে প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা ব্যবহারে উৎসাহিত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে পূবালী ব্যাংক পিএলসি, ঠাকুরগাঁও শাখার উপ-মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো. আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশ সরকার একটি স্মার্ট, আধুনিক ও ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। সেই লক্ষ্য বাস্তবায়নে পূবালী ব্যাংক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, বর্তমানে ডেবিট ও ক্রেডিট কার্ড, বাংলা কিউআর, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিংসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা নিরাপদ, দ্রুত ও সহজে আর্থিক লেনদেন করতে পারছেন। এতে সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি নগদ অর্থ বহনের ঝুঁকিও কমে এসেছে।
তিনি আরও বলেন, ক্যাশলেস লেনদেনের মাধ্যমে প্রতিটি আর্থিক কার্যক্রমের স্বচ্ছ রেকর্ড সংরক্ষিত হয়, যা জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ, রাজস্ব আদায় বৃদ্ধি এবং ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সহায়তা করে।
তিনি জানান, পূবালী ব্যাংক শুধু শহরেই নয়, গ্রামাঞ্চলের ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার ও সাধারণ মানুষের কাছেও ক্যাশলেস ব্যাংকিং সেবা পৌঁছে দিতে কাজ করছে। প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠান, এমনকি ছোট চায়ের দোকানেও ডিজিটাল লেনদেনের সুবিধা নিশ্চিত করাই ব্যাংকের অন্যতম লক্ষ্য।
স্থানীয় ব্যবসায়ী পাভেল বলেন, বর্তমানে মানুষ দ্রুত ও ঝামেলামুক্ত সেবা প্রত্যাশা করে। ক্যাশলেস লেনদেন সেই প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা সহজেই গ্রাহকদের কাছ থেকে অর্থ গ্রহণ করতে পারবেন এবং আরও বেশি মানুষ ব্যাংকিং সেবার আওতায় আসবেন।
তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে ঠাকুরগাঁওয়ে ক্যাশলেস লেনদেনের পরিধি আরও বাড়বে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ডিজিটাল ব্যাংকিংয়ের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।