ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদে সেবাপ্রার্থীদের জন্য আরও মানবিক ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করতে মাতৃদুগ্ধ কর্নার এবং নারীদের জন্য পৃথক নামাজের স্থান উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ দুটি জনকল্যাণমূলক সেবার উদ্বোধন করেন।
উপজেলা পরিষদে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল হাসান দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই এ মানবিক উদ্যোগগুলো বাস্তবায়ন করায় সর্বমহলে প্রশংসা কুড়িয়েছেন।
মাতৃদুগ্ধ কর্নার: কর্মজীবী ও সেবা নিতে আসা দূর-দূরান্তের মায়েদের নবজাতককে দুধ পান করানোর জন্য নিরাপদ, গোপনীয় ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করবে এই কর্নার।
পৃথক নামাজের স্থান: উপজেলা পরিষদে আসা নারী সেবাগ্রহীতা ও নারী কর্মীদের ধর্মীয় অনুশাসন পালনের সুযোগ আরও সহজ ও মর্যাদাপূর্ণ করতে এই বিশেষ স্থানটি তৈরি করা হয়েছে।
উদ্বোধনকালে উপস্থিত অতিথিরা বলেন, সরকারি দপ্তরে নাগরিকবান্ধব ও মানবিক সেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এটি শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং জনসেবাকে আরও সংবেদনশীল ও আধুনিক করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
নবীনগর উপজেলা পরিষদের এ উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সচেতন মহলের মতে, অল্প সময়ের মধ্যে এমন জনকল্যাণমূলক কাজ বাস্তবায়নের মাধ্যমে ইউএনও রাকিবুল হাসান প্রশাসনিক দক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন।