ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা বাজার এলাকায় মানবসেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে ‘প্রাণ ফোঁটা রক্তদান সংগঠন’। ২০২৩ সালে যাত্রা শুরু করা এই সংগঠনটি প্রতিষ্ঠাতা পরিচালক মো. জাকির হোসেন (বাচ্চু)-এর নেতৃত্বে মাত্র তিন বছরের ব্যবধানে গড়ে তুলেছে এক অনন্য দৃষ্টান্ত।
বর্তমানে সংগঠনটির সদস্যসংখ্যা তিন শতাধিক ছাড়িয়েছে। এই তিন বছরে সংগঠনের উদ্যোগে সংগ্রহ করা হয়েছে প্রায় এক হাজার ব্যাগ রক্ত, যা দিয়ে বাঁচানো হয়েছে অসংখ্য মুমূর্ষু মানুষের জীবন। শুধু রক্তদান কার্যক্রমেই সীমাবদ্ধ নয়, সংগঠনটি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং খেলাধুলার উন্নয়নেও উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে।
স্থানীয়দের মতে, তরুণদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি এলাকার মানবিক কর্মকাণ্ডের একটি উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে। বিনামূল্যে রক্তদানের মাধ্যমে জীবন বাঁচানোর পাশাপাশি সমাজসেবামূলক নানা কর্মসূচি পরিচালনা করে তারা মানুষের আস্থা অর্জন করেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি পৃষ্ঠপোষকতা ও প্রয়োজনীয় সহযোগিতা পেলে ‘প্রাণ ফোঁটা রক্তদান সংগঠন’ ভবিষ্যতে সমাজের উন্নয়নমূলক কাজে আরও বিরল দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবে এবং এটি হয়ে উঠতে পারে হালুয়াঘাট তথা ময়মনসিংহ অঞ্চলের মানবসেবামূলক কার্যক্রমের একটি রোল মডেল।