‘আদিবাসী অধিকার, আমাদের অধিকার—সমতা, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত হোক সবার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬।
ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, হালুয়াঘাট উপজেলা শাখার আয়োজনে এবং গারো স্টুডেন্ট ইউনিয়নসহ (গাসু) স্থানীয় বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
হালুয়াঘাট উত্তর বাজার শহীদ মিনার থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে ঐতিহ্যবাহী পোশাক ও অলংকারে সজ্জিত হয়ে আদিবাসী তরুণ-তরুণীরা অংশ নেন। এ সময় স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাবলম্বী উন্নয়ন সমিতি, নেত্রকোনার নির্বাহী পরিচালক স্বপন পাল। কারিতাস বাংলাদেশের সিএমএলআরপি-২ প্রকল্প, স্বাবলম্বী উন্নয়ন সমিতি, গণসাক্ষরতা অভিযান, ইনডিজিনাস পিপলস ডেভেলপমেন্ট সার্ভিসেস (আইপিডিএস), হালুয়াঘাট ওয়াইএমসিএ, বাংলাদেশ ক্যাথলিক স্টুডেন্ট মুভমেন্ট (বিসিএসএম), সিমবায়োসিস বাংলাদেশসহ একাধিক স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান এ আয়োজনে সহযোগিতা করে।
র্যালি শেষে আদিবাসী নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের কাছে আদিবাসীদের অধিকার সংক্রান্ত একটি স্মারকলিপি প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে দাবিপত্র হস্তান্তর করা হয়। এ সময়ের দৃশ্য সাংবাদিক ও স্থানীয়রা মোবাইল ক্যামেরায় ধারণ করেন।
এদিকে, পার্শ্ববর্তী মধুপুর উপজেলাতেও ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মধুপুর শাখার উদ্যোগে দিবসটি সফলভাবে উদযাপনের বার্তা সংবলিত ব্যানার প্রদর্শিত হয়।