কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের কাশিপুর বাজার এলাকায় সরকারি খাসজমিতে গড়ে ওঠা আটটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলিন রাজ্জাকের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দৈনিক আমার দেশকে প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযানে সহযোগিতা করে মেঘনা থানা-পুলিশ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ১০ নম্বর লস্তিমানিকা মৌজায় সরকারি খাসজমির বিভিন্ন দাগে প্রায় ১০ দশমিক ৭৫ শতাংশ জমি অবৈধভাবে দখল করে টিনশেড দোকান, ঘরসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছিল।
প্রশাসনের পক্ষ থেকে এসব স্থাপনা অপসারণের জন্য সংশ্লিষ্টদের আগে থেকেই নোটিশ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ মামলা নং ২৭২/২০২৪-২৫-এর আওতায় অভিযান পরিচালনা করা হয়।
মামলায় তালিকাভুক্ত নয়টি অবৈধ স্থাপনার মধ্যে আটটি উচ্ছেদ করা হয়েছে। একটি স্থাপনা আদালতে বিচারাধীন থাকায় সেটি উচ্ছেদ করা হয়নি বলে জানিয়েছে প্রশাসন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলিন রাজ্জাক বলেন, সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই। নোটিশ দেওয়ার পরও স্থাপনা অপসারণ না করায় আইন অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও বলেন, উচ্ছেদ করা দোকানগুলো খালি থাকায় এ অভিযানে কারও আর্থিক ক্ষতি হয়নি।
সরকারি খাসজমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।