https://bindubanglatv.com/
নওগাঁ প্রতিনিধি: মোঃ মিলন শাহ/মোঃ আব্দুল্লাহেল কাফী:
নওগাঁর পত্নীতলায় বর্ণাঢ্য আনন্দ র্যালি, বৃক্ষরোপণ, মৎস্য পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর যুবদলের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে বৃক্ষরোপণ ও জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করা হয়। বিকেলে পত্নীতলা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল কাদেরের সঞ্চালনায় বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি বেলুন ও পায়রা উড়িয়ে র্যালির উদ্বোধন করেন। র্যালিটি নজিপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষিবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান জোহা বলেন, আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অতীতে আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকারকারী ও নির্যাতিত নেতাকর্মীদের হাতে দলের নেতৃত্ব তুলে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, যেকোনো ষড়যন্ত্র ও অপচেষ্টা মোকাবিলায় যুবদলের নেতাকর্মীদের রাজপথে সজাগ থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্য নেতার মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা, উপজেলা বিএনপির সভাপতি মো. মোকসেদুল হক, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, রমজান আলী সরদার, সাদিকুল বাড়ি ও যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিচার্ডসহ যুবদল, ছাত্রদল, শ্রমিকদল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করায় আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত নেতাকর্মী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
Add a concise headlineTrim the closing paragraphTighten the event lead