https://bindubanglatv.com/
নিজস্ব প্রতিবেদক: কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী বিশেষ অভিযানে চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ৬৪৯ জনকে। তাঁদের মধ্যে ৪১৯ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ২৩০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ২৪ ঘণ্টার অভিযান ও উদ্ধারসংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ১০২ জন, আগের মামলায় ৮১ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪১ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় চারজন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩৫ জন রয়েছেন। এ ছাড়া পরোয়ানাভুক্ত ১৩৭ জন, সাজা পরোয়ানাভুক্ত ১৬ জন, মাদক মামলায় ৮৪ জন এবং নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ১৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে ১০ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময়ে ৩৫টি মাদক মামলা করা হয়েছে।
অভিযানে ১৭ হাজার ৪৪ পিস ইয়াবা, ৩০ কেজি ৪৩৫ গ্রাম গাঁজা, ১৮৮ লিটার চোলাই মদ, ছয় বোতল বিদেশি মদ এবং ৬৯৭ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২০ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে চট্টগ্রামে আটজন, কক্সবাজারে একজন, কুমিল্লায় চারজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, নোয়াখালীতে তিনজন, ফেনীতে একজন এবং খাগড়াছড়িতে দুজন রয়েছেন।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে জেলাভিত্তিক আটক ব্যক্তিদের মধ্যে কুমিল্লায় সর্বোচ্চ ৩৮৫ জন। এ ছাড়া চট্টগ্রামে ৭০, লক্ষ্মীপুরে ৪৩, চাঁদপুরে ৩৭, কক্সবাজারে ৩৪, ব্রাহ্মণবাড়িয়ায় ১৮, ফেনীতে ১৮, নোয়াখালীতে ১৭, রাঙামাটিতে ১২, বান্দরবানে আট এবং খাগড়াছড়িতে সাতজনকে আটক করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশ জানিয়েছে, জনস্বার্থে অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।