ঢাকা   ১০:৩১:৫০ এএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চীনা গোয়েন্দা-সংশ্লিষ্ট নারীর সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে এনভিডিয়া সিইও বিকেলে বসছে সংসদ অধিবেশন, উত্থাপিত হবে ৩ অধ্যাদেশ শহীদ শামসুজ্জামান বীর উত্তমের স্মৃতিতে সমৃদ্ধ মেঘনা টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের প্রতিরোধের দাবি: রাশেদ পত্নীতলায় বর্ণিল আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত রাজনৈতিক সমর্থন ব্যালটে দেখাবেন, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রী ঢাবি ক্যাম্পাসে ৮–৯টি ককটেল বিস্ফোরণ, আটক ৩ পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা

চীনা গোয়েন্দা-সংশ্লিষ্ট নারীর সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে এনভিডিয়া সিইও

Reporter Name
  • Update Time : Monday, November 9, 2026,
  • 0 Time View
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে অভিযুক্ত এক নারীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা স্বীকার করার পর এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।

স্থানীয় সময় রোববার (৮ নভেম্বর) এনভিডিয়া জানায়, স্বাধীন পরিচালকদের একটি কমিটি বাইরের আইনজীবীদের সহায়তায় তদন্ত পরিচালনা করবে। জাতীয় নিরাপত্তা বা প্রতিষ্ঠানের গোপন তথ্য ফাঁস হয়েছে, এমন কোনো প্রমাণ আপাতত তাদের হাতে নেই। তবে এ বিষয়ে পাওয়া সব তথ্য খতিয়ে দেখা হবে। তদন্ত চলাকালে সিইওর দায়িত্বে থাকবেন হুয়াং। খবর আল জাজিরার।

গত মাসে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, অ্যালিস হুয়াং নামে এক চীনা নারী এনভিডিয়ার প্রযুক্তি সম্পর্কে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে জেনসেন হুয়াংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছিলেন। ওই নারীর সঙ্গে জেনসেনের কোনো পারিবারিক সম্পর্ক নেই। তবে চীনা দূতাবাস গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, অ্যালিস হুয়াংয়ের প্রতিষ্ঠান মেগাস্পিড এনভিডিয়ার অন্যতম বড় ক্রেতা। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটি থেকে প্রায় ৪৮০ কোটি ডলারের সরঞ্জাম কিনেছে তারা।

ঘটনাটি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন বলেছেন, এনভিডিয়ার উন্নত এআই চিপ চীনে যাচ্ছে কি না, তা নিয়ে কংগ্রেসের উভয় দলের সদস্যরা দীর্ঘদিন ধরে উদ্বেগ জানিয়ে আসছেন। এ বিষয়ে জেনসেন হুয়াং ও এনভিডিয়ার পরিচালনা পর্ষদকে জবাব দিতে হবে।

অন্যদিকে, রিপাবলিকান আইনপ্রণেতারাও আগামী ১৮ নভেম্বর কংগ্রেসে হাজির হয়ে হুয়াংকে সাক্ষ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, এ ঘটনায় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি।

স্ত্রীর কাছে সম্পর্কের কথা স্বীকার

রোববার এনভিডিয়ার কর্মীদের কাছে পাঠানো এক ই-মেইলে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন হুয়াং। তিনি লেখেন, ‘আমি আমার স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। আমার কর্মকাণ্ডে স্ত্রী ও সন্তানরা কষ্ট পেয়েছে। এর কোনো অজুহাত নেই।’

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রসারের কারণে সাম্প্রতিক বছরগুলোতে এনভিডিয়ার ব্যবসা দ্রুত বেড়েছে। ওপেনএআই, অ্যানথ্রোপিক, মেটা ও গুগলের মতো প্রতিষ্ঠানগুলোর এআই মডেল তৈরিতে ব্যবহৃত চিপ সরবরাহ করে এনভিডিয়া। বর্তমানে প্রতিষ্ঠানটির বাজারমূল্য কয়েক ট্রিলিয়ন ডলার।

এদিকে, উন্নত প্রযুক্তি ও সামরিক খাতে চীনের অগ্রগতি ঠেকাতে দেশটিতে উন্নত চিপ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করে আসছে যুক্তরাষ্ট্র। ২০২৫ সালের আগস্টে ট্রাম্প প্রশাসন চীনে এনভিডিয়ার নির্দিষ্ট কিছু চিপ বিক্রির আয়ের ১৫ শতাংশ নেওয়ার ঘোষণা দেয়।

বাজারমূল্য হারিয়েছে ৪৫০ বিলিয়ন ডলার

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর গত সপ্তাহে এনভিডিয়াসহ এআই-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে যায়। এক দিনেই এনভিডিয়ার বাজারমূল্য কমে ৪৫০ বিলিয়ন ডলার। তবে শুক্রবার (৬ নভেম্বর) শেয়ারের দাম ৪ শতাংশ বেড়ে ক্ষতির একটি অংশ পুষিয়ে নেয়।

এদিকে, আগামী নভেম্বরে চীনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে হুয়াং তার সঙ্গে যাবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি ট্রাম্প। তবে হুয়াংকে ‘ভালো মানুষ’ উল্লেখ করে তার প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি